সন্তানদের ছবি দেখালেন করণ, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করণ জোহর
করণ জোহর

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস (আইফা) অনুষ্ঠান নিয়ে যেন রীতিমতো হাঁপিয়ে উঠেছেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহর। আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। সম্ভবত সন্তানদের জন্মের পর এবারই প্রথম করণ তাঁদের কাছ থেকে দূরে গেছেন। সেখানে থেকে নিজের যমজ সন্তানের খুব বেশি মনে পড়ছিল তাঁর। তাই ইনস্টাগ্রামে তাদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘রুহি ও যশ, আমার বাচ্চাদের মনে পড়ছে।’ এই প্রথম করণ তাঁর সন্তানদের ছবি প্রকাশ করলেন। কিন্তু তাদের মুখের নয়, হাতের! হতাশ হবেন না। এটা তো শুধু ট্রেলার। করণ কথা দিয়েছেন, সন্তানদের ছবি প্রকাশ করবেন। তবে একটু সময় নিয়ে।

করণ এই ছবি প্রকাশ করেন ইনস্টাগ্রামে
করণ এই ছবি প্রকাশ করেন ইনস্টাগ্রামে

এর আগে করণ প্রযোজিত ছবি ‘বদরিনাথ কি দুলহানিয়া’-এর প্রচারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, যমজ সন্তানদের ছবি কবে প্রকাশ করবেন? সে সময় তিনি বলেছিলেন, ‘আমি সবার সঙ্গে আমার বাচ্চাদের চমৎকার ছবি শেয়ার করতে চাই, কিন্তু সঠিক সময়ে। আমি আশা করছি, আমি তাদের ছবি শিগগিরই সবাইকে দেখাতে পারব।’ মনে হচ্ছে সেই ‘সঠিক সময়’ এসে পড়েছে। ট্রেলারের পর পুরো ছবি দেখতে হয়তো করণ-ভক্তদের আরেকটু অপেক্ষা করতে হবে।
গত ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের মাসরানি হাসপাতালে করণের সারোগেট (গর্ভ ভাড়া করে সন্তান জন্ম পদ্ধতি) সন্তান জন্ম হয়। যমজ সন্তানদের একজন ছেলে এবং একজন মেয়ে। করণ ছেলের নাম রাখেন প্রয়াত বাবার যশের নামে। আর মেয়ের নাম রেখেছেন তাঁর মা হিরু জোহরের নাম উল্টে রুহি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস