সন্তানদের নিয়ে অনিলের ভয়


৩৮ বছরের ক্যারিয়ার অনিল কাপুরের। এখনো নাকি নতুন কোনো ছবি মুক্তির আগে তাঁর ভেতর একটা উৎকণ্ঠা কাজ করে। এখন নতুন করে যুক্ত হয়েছে ছেলেমেয়ের ছবি নিয়ে ভাবনা। মেয়ে সোনম কাপুর বাবার পথ অনুসরণ করে বলিউডে পা রেখেছেন কয়েক বছর হলো। ছেলে হর্ষবর্ধন কাপুরও সম্প্রতি সিনেমায় অভিনয় শুরু করেছেন। অনিলের উৎকণ্ঠা, সন্তানদের ছবি ব্যবসা সফল হবে তো? দর্শক তাঁদের ছবি পছন্দ করবে তো?এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিল বলেছেন, ‘আমি এত দিন ধরে অভিনয় করছি, কিন্তু এখনো নতুন ছবি মুক্তির সময় এলে ঘাবড়ে যাই। আর ছেলেমেয়েদের ছবি নিয়ে তো অবশ্যই চিন্তা করি। ওদের ছবি মুক্তির সময়ও খুব ভয় লাগে আমার।’ ছেলে হর্ষবর্ধন কাপুরের বলিউড অভিষেক হচ্ছে রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘মির্জা’ ছবি দিয়ে। ভবেশ যোশির একটি ছবির জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন এই নবাগত অভিনেতা। ক্যারিয়ারের শুরুতেই বড় মাপের দুই পরিচালকের সঙ্গে কাজ করতে পারছেন বলে ছেলেকে নিয়ে গর্বিত অনিল। এনডিটিভি।