সন্তানেরা যোগ্য হলেই তাদের সাহায্য করবেন

সন্তানেরা যোগ্য হলেই কেবল তাদের সহযোগিতা করবেন আমির খান। নিজ সন্তানদের চলচ্চিত্রে কাজ করা নিয়ে সম্প্রতি এমন মন্তব্য করেছেন বলিউডের এই তারকা অভিনেতা। গত সন্ধ্যার এক অনুষ্ঠানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, সন্তানদের সিনেমায় কাজ করতে সহযোগিতা করবেন কি না? জবাবে তিনি বলেছেন, ‘অবশ্যই। যদি দেখি তারা মেধাবী ও যোগ্য, তবেই করব। যদি দেখি যে ওদের দিয়ে হবে না, তাহলে সেটাই জানিয়ে দেব।’
আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের দুই সন্তান—ছেলে জুনায়েদ ও মেয়ে ইরা। আমির বলেন, ‘জুনায়েদ থিয়েটার নিয়ে পড়ছে, মেয়ে আমার মতো লেখাপড়া না করার সিদ্ধান্ত নিয়েছে।’
জুনায়েদ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। সহকারী পরিচালক হিসেবে রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন ‘পিকে’ ছবিতে।
এদিকে এ বছর ঘটা করে শ্বশুরবাড়িতে ১১তম বিবাহবার্ষিকী পালন করবেন আমির ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। এ প্রসঙ্গে আমির বলেন, ‘জন্মদিনের তারিখ আমার একদম মনে থাকে না। প্রতিবছর যে ঝামেলা বাধে, তা হচ্ছে ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিন আর আমাদের বিবাহবার্ষিকী ২৮ ডিসেম্বর। এ বছরও আমরা পঞ্চগনিতে কিরণদের বাড়িতে দিনটি উদ্যাপন করব।’ বন্ধু সালমান খানের জন্মদিনে থাকবেন কি না জানতে চাইলে এসব কথা বলেন আমির।
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের পরিচয় হয় ‘লগন’ ছবির সেটে। কিরণ ছিলেন ছবিটির সহকারী পরিচালক। ছবির সেটেই দুজনের প্রেম হয়, এরপর বিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস