সব নারীর অন্তরেই একটা বাঘিনী লুকিয়ে আছে

ওটিটিতে মুক্তি পেয়েছে বিদ্যা বালান অভিনীত ছবি ‘শেরনি’। অমিত ভি মাসুরকর পরিচালিত এই ছবিতে তিনি একজন ফরেস্টার। দাপুটে আর সুন্দরী এই অভিনেত্রীর সঙ্গে টেলিফোনে আড্ডায় বসেছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।

বিদ্যা বালানইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

ওটিটিতে ছবি আসছে। তাই নিশ্চয় কিছুটা চাপমুক্ত—

(সশব্দে হেসে) একদম তাই। সত্যি বলতে থিয়েটারে ছবি মুক্তি পেলে বক্স অফিসের চাপ থাকে। এখন এই চাপ থেকে মুক্ত আমি। ওটিটিতে এসবের চিন্তা নেই।

প্রশ্ন :

বড় পর্দাকে কতটা মিস করছেন?

বড় পর্দাকে খুবই মিস করছি। প্রতি শুক্রবার দর্শক হিসেবে থিয়েটারে গিয়ে ছবি দেখতাম। সবাই মিলে মজা করতাম। পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠুক। আবার সিনেমা হলগুলো খুলে যাক। সবাই থিয়েটারে বসে আবার ছবির মজা নিতে পারব। তবে ওটিটিরও অনেক প্লাস পয়েন্ট আছে। একসঙ্গে ২৪০টি দেশে ছবিটা মুক্তি পাবে। আমাদের লক্ষ্য হলো বেশিসংখ্যক মানুষের কাছে আমাদের ছবি পৌঁছে দেওয়া। আমরা এখন তা পারছি। ওটিটিতে যখন যেখানে খুশি বসে সিনেমার মজা নেওয়া যায়। সময়ের কোনো ব্যাপার নেই।

বিদ্যা বালান

প্রশ্ন :

‘শেরনি’তে আপনার চরিত্রটির নাম বিদ্যা ভিনসেন্ট। বাস্তব আর পর্দার বিদ্যার মধ্যে মিল এবং অমিল কোথায়?

বলতে পারেন, পর্দার বিদ্যা অনেকটাই আমার বিপরীত ব্যক্তিত্ব। আমি যেমন হাসতে ভালোবাসি; পর্দার বিদ্যা মোটেও হাসতে ভালোবাসে না। আমি কথা বলতে ভালোবাসি। ও কম কথার মানুষ। আমার মতো মোটেও সবার সঙ্গে মিশতে ভালোবাসে না পর্দার বিদ্যা। জঙ্গল, জীবজন্তু ওর জীবন। অত্যন্ত শান্ত, ধীরস্থির। সততার সঙ্গে কাজ করে। আমাদের একটাই মিল। আমরা দুজনেই মানসিকভাবে শক্তিশালী। তবে আমাদের বহিঃপ্রকাশ আলাদা। আমি আমার ক্যারিয়ারে অনেক শক্তিশালী চরিত্রে কাজ করেছি। কিন্তু ‘শেরনি’তে আমার চরিত্রটা একদম ব্যতিক্রম। একজন শান্ত, ধীরস্থির নারী যে কতটা শক্তিশালী হতে পারে, এই চরিত্রে অভিনয় না করলে বুঝতে পারতাম না। আর আমি এটাও উপলব্ধি করি যে ‘শেরনি’ (বাঘিনী) হতে হলে সব সময় হুংকার দিতে হবে তার কোনো মানে নেই।

বিদ্যা বালান

প্রশ্ন :

জঙ্গল নিয়ে মনে কোনো ভীতি ছিল না?

সাপে আমার প্রচণ্ড ভীতি ছিল। সাপের নাম শুনলে আগে ভয়ে পালিয়ে যেতাম। জঙ্গলে গিয়ে বুঝেছি যে সাপ আমাদের কামড় দেবে বলে কখনই কামড়ায় না। ওরা নিজেদের রাস্তায় যায়। বরং সাপ নিজে ভয় পেয়ে কামড়ায়। জঙ্গল মানেই বিপদ—এই ছবিটা আমার এই ভুল ধারণা ভাঙিয়েছে। এমনকি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে যা ধারণা আমার ছিল, ‘শেরনি’ তা বদলে দিয়েছে। আমি আগে ভাবতাম আমরা আছি, তাই প্রকৃতি আছে। এখন উপলব্ধি করেছি, আমরা প্রকৃতির একটা অংশ, আর প্রকৃতিও আমাদের একটা অংশ। তাই আমরা যা করব, তার প্রভাব প্রকৃতিতে পড়বে। আর প্রকৃতির প্রভাবও আমাদের ওপর পড়বে। প্রকৃতির সঙ্গে আমাদের খুবই স্পর্শকাতর এক সম্পর্ক। আর তা যত্নে রাখা জরুরি।

প্রশ্ন :

ক্যারিয়ারে কখনো কি এমন সন্ধিক্ষণ এসেছে, যখন ‘শেরনি’র মতো সাহস দেখাতে হয়েছে?

প্রথমত, আমি মনে করি সব মেয়ের অন্তরে এক ‘শেরনি’ লুকিয়ে আছে। সময়–অসময়ে প্রকাশ পায়। একসময় মনে হয়েছিল যে আমার ক্যারিয়ার শেষ হতে বসেছে। আমি আত্মবিশ্বাস প্রায় হারিয়ে বসেছিলাম। মনের মতো সিনেমা পাচ্ছিলাম না। এদিকে নিজে কী চাই, তা বুঝে উঠতে পারছিলাম না। অদ্ভুত এক দোলাচল। এই সময় আমার কাছে ‘ইশকিয়া’ ছবির প্রস্তাব আসে। আর আমি সিদ্ধান্ত নিই যে এই ছবিটি আমি করবই। ছবিটা বক্স অফিসে চলবে কি না চলবে, দেখব না। যা হওয়ার হবে। আমি আমার জন্য ছবিটা করব। আর এ ক্ষেত্রে আমি ‘শেরনি’র মতো সাহস দেখিয়েছি বলতে পারেন। কারণ, সেই সময় আমার আত্মবিশ্বাস তলানিতে ছিল। তা সত্ত্বেও নারীকেন্দ্রিক ছবির করার মতো সাহস আমি দেখিয়েছিলাম। তবে ছবিটি ভালো সাড়া পেয়েছিল।

বিদ্যা বালান
ইনস্টাগ্রাম

প্রশ্ন :

আপনার জীবনে আসল ‘শেরনি’ কে?

আমার মা। আমার মা অত্যন্ত শান্ত নারী। আর তেমনই নির্ভয়। কোনো কিছুতে ভয় পান না তিনি। অথচ আমাদের ধারণা, শান্ত নারীরা সাহসী হন না। আমার মাকে জঙ্গলে ছেড়ে দিলেও ভয় পাবেন না। তিনি সব সময় নতুন কিছু না কিছু শিখতে ভালোবাসেন। এই বয়সে মা নাচ আর গানের নতুন ফর্ম শিখছেন। মা আমাকে আর আমার বোনকে সব সময় সাহস জুগিয়েছেন। স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন। তিনি এই সুযোগ পাননি। মা আমাদের শিখিয়েছেন যে আমরা আমাদের জীবন যেন আমাদের মতো করে বাঁচতে পারি।

প্রশ্ন :

নিজের জন্য আর কী কী করতে চান?

আমরা সব সময় অন্যের জন্য বেঁচে থাকি। আমিও এর ব্যতিক্রম ছিলাম না। তবে এবার থেকে নিজের জন্য বাঁচার চেষ্টা করব। জীবনে অনেক কিছু করার আছে, একে একে সেসব করব। আপনি যদি অবসরে বসে এক কাপ চা খান, তার মজা আলাদা। কিন্তু হাজারটা কাজের মধ্যে চা খেলে সেটা আর উপভোগ করা যায় না। তাই এক কাপ চা খান একান্ত নিজের জন্য।

বিদ্যা বালান
ইনস্টাগ্রাম

প্রশ্ন :

কোন কোন জিনিসের মধ্যে আপনি খুশি খুঁজে পান?

ছোট ছোট জিনিসে আমি খুশি খুঁজে পাই। কত দিন পর আপনার সঙ্গে কথা বলছি। আর এতে আমি খুব খুশি। ফুল, শিশুর মুখের হাসি, পরিবারের সঙ্গে সময় কাটানো, ঘরের সাফসাফাই—এই সবকিছু আমায় খুশি দেয়। কেউ প্রশংসা করলে খুশি হই। সারা দিন কাজের পর বাড়িতে ফিরে এসে ভালো লাগে। মনে হয় আজ মনের মতো কাজ করলাম। প্রার্থনা করে মানসিক শান্তি পাই। অনেক কিছুই আমাকে আনন্দ দেয়। শুধু রান্না করার মধ্যে খুশি খুঁজে পাই না (সশব্দে হেসে)।

প্রশ্ন :

পেছনে ফিরে সবার আগে কী দেখতে পান?

পেছনে ফিরে দেখলে মনে হয়, আমি যা আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। সত্যি আমি এতটা আশা করিনি। সময়ের সঙ্গে আগে এগিয়ে গিয়েছি মাত্র। আমি সত্যিই কৃতজ্ঞ।

বিদ্যা বালান।
ইনস্টাগ্রাম

প্রশ্ন :

বাংলা ছবি দিয়ে আপনার ক্যারিয়ার শুরু। কিন্তু বাংলা সিনেমায় আপনায় আর দেখা যায়নি। বাংলা ছবিতে কাজ করার কখনো ইচ্ছে আছে?

নিশ্চয়। আমি বাংলা ছবিতে ভীষণভাবে কাজ করতে চাই। আমার কাছে বেশ কয়েকটি বাংলা ছবির প্রস্তাব এসেছিল। কিন্তু চিত্রনাট্য পছন্দ হয়নি। মনের মতো ছবি পেলে বাংলাতে নিশ্চয় আবার কাজ করব। আমার খুবই ইচ্ছে আছে। বাংলায় ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি।

প্রশ্ন :

আর বাংলাদেশের ছবিতে কখনো কাজ করতে চান?

অবশ্যই। কেন করব না? বাংলাদেশের ছবিতে খুশি খুশি কাজ করব।

প্রশ্ন :

বাংলা ছবি দেখা হয়?

সাম্প্রতিক বাংলা ছবি সেভাবে দেখা হয়নি। তবে অনেক বাংলা সিনেমা দেখেছি। ক্ল্যাসিক আর ঋতুপর্ণ ঘোষের ছবি বেশি দেখা হয়েছে।

বিদ্যা বালান
ইনস্টাগ্রাম থেকে

প্রশ্ন :

বাংলা সম্পর্কে আপনার বিশেষ অনুভূতি আছে। বাংলা বলতে কোন তিনটা জিনিস প্রথমে মাথায় আসে?

কালীঘাট, নলেন গুড়ের রসগোল্লা, আর বাংলার মানুষ। ওখানকার ভাষা, গান, আর ডি বর্মণ, দুর্গাপূজা আরও অনেক কিছু বাংলার স্মৃতির সঙ্গে উঠে আসে।

প্রশ্ন :

ওটিটিতে শেষ কী সিরিজ বা ছবি দেখলেন?

সম্প্রতি ‘মার্চেলা’ দেখলাম। তিনটি সিজন নিয়ে এটা। একজন নারী গোয়েন্দাকে নিয়ে সিরিজটা। ‘মার্চেলা’ আমার দারুণ লেগেছে।

প্রশ্ন :

করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশ বিপর্যস্ত। এই সময়ে দাঁড়িয়ে কিছু বলতে চান?

টিকা নেওয়া খুবই জরুরি। তবে এই কঠিন সময় আমরা নিশ্চয় অতিক্রম করব। অনেকে খুবই ভয়াবহ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। কেউ নিজের কাজ হারিয়েছেন, কেউ আবার প্রিয়জনকে হারিয়েছেন। কিন্তু সকাল তো এক দিন আসবেই। যত ঘন অন্ধকার হয়, সকাল অতটাই ঝলমলে হয়।