সব বললেন দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাডুকোণ
দীপিকা পাডুকোণ

দীপিকার প্রিয় খাবার কোনটি? কোন বিষয়টিই বা তাঁর সবচেয়ে পছন্দের? দীপিকাকে সবচেয়ে আনন্দিত করে কোন বিষয়টি? কিংবা জুটি হিসেবে কাকে সবচেয়ে বেশি পছন্দ তাঁর? এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীই বলা যায় তাঁকে। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে চলেছেন এই অভিনেত্রী। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তুমুল আগ্রহ যাকে নিয়ে সেই দীপিকা পাডুকোণ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে খুলে বলেছেন সবকিছুই।


দীপিকার জন্ম কিন্তু ভারতে নয়, তিনি জন্মেছিলেন কোপেনহেগেনে। তাঁর নিজ শহর বেঙ্গালুরু। বাবা প্রকাশ পাডুকোণ ব্যাডমিন্টনের বিখ্যাত একজন তারকা খেলোয়াড়। দীপিকা লেখাপড়া করেছেন প্রথমে সোফিয়া হাইস্কুল এরপর মাউন্ট কারমেল কলেজে। বলিউডে জনপ্রিয়তায় খ্যাতির তুঙ্গে থাকা এই অভিনেত্রী নিজের একটি পোশাকের ব্র্যান্ডও তৈরি করেছেন।

সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, পরিবার থেকে দূরে থাকার বিষয়টাই তাঁর জন্য সবচেয়ে পীড়াদায়ক। আর তিনি সবচেয়ে আনন্দিত হয়েছিলেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সাফল্যের পরে। তিনি জানান, প্রথম ব্রেক পেয়েছিলেন ‘ওম শান্তি ওম’ ছবির কল্যাণে। এই বিষয়টি সব সময় মনে থাকে তাঁর। যেহেতু বলিউডে তাঁর ক্যারিয়ারের সেটাই ছিল শুরু। তাঁর কাছে স্টাইল সম্পর্কে মূল কথা— নিজের স্বাচ্ছন্দ্য আর আরাম। আর দীপিকাকে সবচেয়ে বেশি আনন্দিত করে খাবারদাবার। চমকাচ্ছেন? ‘পেটুক’ হিসেবে বলিউডে বেশ নামডাক আছে তাঁর। খেতে খুব পছন্দ করেন এই অভিনেত্রী। স্ট্রিট ফুডের মধ্যে দিল্লির ‘চাট’ তাঁর খুব প্রিয়। জানিয়েছেন, দিল্লির এই ‘চাট’ নামের খাবারটি তাঁর খুবই প্রিয়। আর চকোলেট পেলে পাগল হয়ে যান তিনি। গোগ্রাসে গিলতে থাকেন চকোলেট।

বিপদের মুহূর্তে কী করেন দীপিকা? এই অভিনেত্রী জানিয়েছেন দম নেন দীর্ঘশ্বাসে। ‘পিকু’ দীপিকার খুব প্রিয় ছবি। এ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। অমিতাভের মেয়ের চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় সবাইকে মুগ্ধ করেছে। অমিতাভের সঙ্গে অভিনয় করার বিষয়টাকে তিনি মনে করেন তাঁর জীবনের অসাধারণ এক পাওয়া। এখন দীপিকার প্রিয় সিনেমা ‘পিকু’।

কোথায় বেড়াতে পছন্দ করেন? এ প্রসঙ্গে দীপিকা জানিয়েছেন, বাড়িতে! দীপিকার কাছে বাড়িই হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা। একা না দোকা? কার সঙ্গে ছুটি কাটাতে পছন্দ করেন দীপিকা? এমন প্রশ্নে এই অভিনেত্রী জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে।

যদিও সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে ‘তামাশা’ ছবির শুটিংয়ের বেশ কিছু ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ফ্রান্সের কর্সিকা দ্বীপে হাস্যোজ্জ্বল দীপিকাকে দেখে মনে হয়েছিল স্বর্গে ছুটি কাটাতে গেছেন তিনি।

যা হোক, দীপিকা পাডুকোণ তাঁর প্রিয় সহ অভিনেতা প্রসঙ্গেই কেবল একটু ইতস্তত করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিষয়টা আসলেই বলা কঠিন। তবে এই অভিনেত্রী নাম নিয়েছেন তিনজনের। প্রথমে তিনি বলেছেন, শাহরুখ খানের কথা। যার কারণে আজ এই অবস্থানে আসতে পেরেছেন তিনি। আর দুজনের নাম দীপিকা ভক্তমাত্রেই জানেন। তাঁরা হচ্ছেন দুই রণবীর। একজন কাপুর অন্যজন সিং। রণবীর কাপুর আর রণবীর সিং।

এই দিওয়ালিতে দীপিকার কী পরিকল্পনা? পরিষ্কার জানিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন। হয় মুম্বাইতে আসবেন দীপিকার পরিবারের সবাই; নয়তো তিনিই উড়ে যাবেন বেঙ্গালুরুতে। হিন্দুস্তান টাইমস।