সবজান্তা 'সেরা প্রযুক্তি' আলিয়া!

সাধারণ জ্ঞানের দুর্বলতার জন্য দর্শকদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছিল আলিয়া ভাটকে। করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর নাম বলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াকে সবাই ইচ্ছেমতো ধুয়ে দিয়েছিলেন। সহ্যের সীমা অতিক্রম হয়ে যাওয়ায় এ বিষয় নিয়ে একটি মজার ভিডিওচিত্রও নির্মাণ করেন ভাট কন্যা। যাকে নিয়ে এত ব্যঙ্গবিদ্রূপ সম্প্রতি সেই আলিয়া ভাটকেই কিনা তাঁর ‘শানদার’ ছবির জুটি শহীদ কাপুর ‘সেরা প্রযুক্তি’ আখ্যা দিয়েছেন।
‘আমার জীবনে দেখা সবচেয়ে সেরা প্রযুক্তির নাম আলিয়া, কারণ তাঁর কাছে সব বিষয়ে তথ্য আছে। ইন্টারনেটে যদি এমন কারও নাম থাকে; যার কাছে সকল তথ্য আছে, তাহলে সে নামটি অবশ্যই আলিয়ারই হওয়া উচিত। তাঁর এ বিষয়টা আমি সবচেয়ে বেশি উপভোগ করি’— বলেছেন শহীদ কাপুর।
এদিকে আলিয়াও জানিয়েছেন, তাঁর এই সব প্রযুক্তির উৎস নাকি শহীদ এবং তাঁর ‘মিউজিক’!
আলিয়া-শহীদের ‘শানদার’ বড় পর্দায় মুক্তি পেয়েছে ২২ অক্টোবর। অবশ্য দিনকয়েক আগে থেকেই এই দুই ‘শানদার’ তারকা তাঁদের ছবির দিনগণনা শুরু করে দিয়েছিলেন এবং সেলফি আসক্ত আলিয়া এবং শহীদ নিয়মিত সেসব ছবি আপলোডও করে যাচ্ছিলেন তাঁদের টুইটার অ্যাকাউন্টে।
এ ছবির ট্রেলারে আলিয়া-শহীদ জুটির রসায়ন মাত করেছে সবাইকে; এখন দেখার পালা পুরো সিনেমা দেখার পর দর্শকদের সে মুগ্ধতা কতটুকু অটুট থাকে। এনডিটিভি।