সবাইকে চমকে মধ্যরাতের পার্টিতে অক্ষয়-টুইংকেল!

বলিউডের তারকাদের পার্টি শুরুই হয় মধ্যরাতে। এদিক থেকে অবশ্য একেবারেই আলাদা অক্ষয় কুমার ও টুইংকেল খান্না দম্পতি। তাঁদের সংসার ‘আরলি টু বেড, আরলি টু রাইজ’ নিয়মে পরিচালিত হয়। এ জন্যই বলিউডের অনেক বড় বড় পার্টিতে দেখা মেলে না এই তারকা জুটির। কিন্তু গতকাল শুক্রবার সবাইকে চমকে দিয়ে নির্মাতা করণ জোহরের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন দুজন। গতকাল ছিল করণের ৪৪তম জন্মদিন। এই উপলক্ষে বাড়িতে বিশাল এক তারকাবহুল পার্টির আয়োজন করেছিলেন তিনি।
করণ ও টুইংকেল ছোটবেলার বন্ধু। কিছুদিন আগে করণ বলেছিলেন, তাঁর জীবন নিয়ে কোনো চলচ্চিত্র তৈরি হলে সেখানে অবশ্যই টুইংকেলের চরিত্র থাকতে হবে। তাই রাতের পার্টিতে কখনো অংশ না নিলেও বন্ধু করণের কথা আলাদা। স্বামী অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে গতকাল করণকে শুভেচ্ছা জানাতে এ জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন টুইংকেল। আর করণের জন্যও এবারের জন্মদিনটি বিশেষ। কারণ, সন্তানদের জন্মের পর এটিই তাঁর প্রথম জন্মদিন। মাসখানেক আগে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন এই নির্মাতা।
এদিকে মধ্যরাতের পার্টিতে বন্ধুর জন্য হাজির হলেও টুইংকেলের চোখ ছিল ঘুমে ঢুলুঢুলু। কতক্ষণে বিছানায় যাবেন, সেই চিন্তাই করছিলেন তিনি। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি প্রকাশ করে টুইংকেল নিজেই এই কথা জানিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস