সময়মতোই মুক্তি পাবে 'পদ্মাবতী'

কিছুদিন আগে ‘পদ্মাবতী’ সিনেমার শুটিং করতে গিয়ে হামলার শিকার হলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। বাধ্য হয়ে শুটিং বন্ধ করে পুরো ইউনিট নিয়ে জয়পুর ছাড়েন বানসালি। আপাতত এই ছবির কাজ বন্ধ আছে। তাই বলে ‘পদ্মাবতী’র মুক্তি পেছাচ্ছে না। আগের ঘোষণা দেওয়া তারিখেই মুক্তি পাবে ছবিটি।
‘পদ্মাবতী’র প্রধান তিন অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুরকে নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন বানসালি। সময়মতো ছবি মুক্তি দেওয়ার জন্য তাঁদের সহযোগিতা চেয়েছেন বানসালি। রণবীর ও শহিদের হাতে আপাতত ‘পদ্মাবতী’ ছাড়া অন্য কোনো ছবির কাজ নেই। তিনজনের মধ্যে কেবল দীপিকারই অন্য একটি চুক্তি রয়েছে। তবে তিনিও ভালো করে জানেন এই ছবি তাঁর ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
এখন পর্যন্ত ‘পদ্মাবতী’ ভারতের সবচেয়ে ব্যয়বহুল বাজেটের ছবি। তাই জয়পুরে উগ্রবাদীদের হামলায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তাও পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছেন ছবির প্রযোজক।
এর আগে বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবির সময়ও শুটিং পেছাতে হয়েছিল। ছবির অভিনেতা রণবীর সিং আহত হওয়ায় বেশ কিছুদিন বিরতি নিতে হয়েছিল তাঁকে। তবে নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছিল ছবিটি। এ জন্য ‘পদ্মাবতী’ টিম আশা করছে এবারও এর ব্যতিক্রম হবে না। বলিউড হাঙ্গামা