সরিয়ে ফেলা হলো আমিরের পোস্টার
আমির খান মানেই যেন অন্য কিছু। নতুন কোনো চমক। বড় খবর। তবে বারবার শুধু প্রশংসাই জুটবে? এবার একটু নিন্দাও কুড়োলেন খান সাহেব। নতুন ছবি পিকের পোস্টারে আমির জন্মদিনের পোশাকে হাজির হয়েছেন। লজ্জা নিবারণ করছে একটা সেকেলে রেডিও! এ নিয়েই যত শোরগোল, লেখালেখি!
চোখ কপালে তুলে দেওয়া এই পোস্টারটি ভারতের একটি হল থেকে সরিয়ে ফেলা হলো। কয়েকজন নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের একটি হল থেকে পুলিশ পোস্টারটি সরিয়ে ফেলে।
হলের মালিক মনোজ দেশাই বলেছেন, ‘কয়েকজন পুলিশকর্মী এসে আমাকে পোস্টারটি সরাতে বলে। পরিস্থিতি ঘোলাটে হোক তা আমি চাইনি। তাই সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলেছি। বুঝতে পারছি না, আমিরের মাপের একজন তারকা কেন এমন সস্তা প্রচারণার দ্বারস্থ হলেন।’
পিকে রাজকুমার হিরানির নতুন ছবি। আমির-হিরানি জুটির থ্রি ইডিয়টস-এর আগে বলিউড কাঁপিয়ে দিয়েছিল। এবার তো মুক্তির আগেই শোরগোল তুলল! মুম্বাই মিরর।