সাইকেল কেনার সামর্থ্যও হতো না এমরান হাশমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমরান হাশমি
এমরান হাশমি

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর অতিথি হয়েছিলেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ অভিনেতা এমরান হাশমি ও নির্মাতা-প্রযোজক মহেশ ভাট। পর্দার বাইরেও এমরান-মহেশের সম্পর্ক গুরু-শিষ্যের। এমরান প্রসঙ্গে করণের এক প্রশ্নে মহেশ ভাট জানিয়েছেন— তিনি এমরানের এই ‘সিরিয়াল কিসার’ ইমেজ তৈরি না করলে নাকি একটা সাইকেল কেনারও সামর্থ্য হতো না তাঁর!

অবশ্য, মহেশের এমন মন্তব্যে ‘শিষ্য’ এমরান রাগ না করে উল্টো তাঁর কথাকেই সমর্থন করেছেন। আজকে বলিউড তারকা এমরান হাশমি যে জায়গায় দাঁড়িয়ে; তার পেছনে ‘গুরু’ মহেশ ভাটের ভূমিকা ও সহযোগিতার কথা অকপটেই স্বীকার করেছেন এমরান।

মহেশ ভাটই এমরানের এই ‘সিরিয়াল কিসার’ ইমেজটির জন্য দায়ী— উপস্থাপক করণ মজা করে এমন প্রশ্ন করলে এর উত্তরে মহেশ জানান, পালি হিলের ৪০ কোটি রুপির বাড়ি, এই খ্যাতি, এই বিত্তবৈভব; এর কিছুই তাঁর হতো না, তিনি যদি এমরানকে এভাবে না পর্দায় আনতেন! এর পরেই মহেশ জানান, এমনকি একটা সাইকেলও নাকি কিনতে পারতেন না এমরান হাশমি!

‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খানের সঙ্গে ‘বেতমিজ দিল’ ছবিতে জুটি বেঁধেছিলেন ‘সিরিয়াল কিসার’ এমরান হাশমি। সম্ভবত এটিই একমাত্র ছবি যেখানে হাশমি আবেগঘন চুমুর দৃশ্যে অভিনয়ের ইচ্ছের কথা জানালেও বাধ সেধেছিলেন ছবির নায়িকা কারিনা। বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবেই খ্যাতি-যশ-বিত্ত পেয়েছেন এমরান হাশমি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় সব ছবিতেই চুমুর দৃশ্যে অভিনয় করে এ খেতাব জুটেছে তাঁর। এই ছবিগুলো বক্স অফিসে সাফল্যের মুখও দেখেছে।


অবশ্য, শুরুর দিকে ধারাবাহিকভাবে চুমুর দৃশ্যে অভিনয় করলেও ‘সাংহাই’, ‘এক থি দাইয়ান’ ও ‘ঘনচক্কর’ ছবিতে চুমুর দৃশ্যে এই ‘মার্ডার’ তারকার দেখা মেলেনি। আর মজার বিষয় হচ্ছে— ​এ ছবিগুলো আশানুরূপ সাফল্যের মুখও দেখেনি।

বিষয়টি কাকতাল, নাকি পর্দায় হাশমিকে তাঁর ‘সিরিয়াল কিসার’ ইমেজে না দেখলে দর্শক সন্তুষ্ট হন না সেটা নিশ্চিত করে বলা সম্ভব না। এ ক্ষেত্রে এমরানের গুরু মহেশ ভাটই হয়তো ঠিক বলেছেন। ‘ফুটপাথ’ ছিল এমরান হাশমির প্রথম ছবি। এ ছবিতে বিপাশা বসুর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি, কিন্তু ভাইবোনের চরিত্রে। নয় বছর পর বিপাশার সঙ্গে আবারও কাজ করেছিলেন। এবার নায়ক-নায়িকা চরিত্রে। এ প্রসঙ্গে এমরান জানিয়েছিলেন— তাঁদের ভাইবোনের সম্পর্ক ভালো লাগেনি বলেই ফ্লপ করেছিল ‘ফুটপাথ’।

‘রাজ ৩’ ছবিতে দুই নায়িকা বিপাশা-এশার সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেছিলেন এমরান। সে ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। কাজেই গুরু মহেশ ভাটের কথাই হয়তো ঠিক— এই খ্যাতি, এই বিত্তবৈভব; এর কিছুই থাকত না। যদি এমরানকে তিনি এভাবে পর্দায় না আনতেন!