সাইকেলে সালমান!

প্রাণ যা চায় বোধ হয় তা-ই করতে ভালোবাসেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান। সম্ভবত সেদিন হঠাৎ করেই তাঁর ইচ্ছে হয়েছিল গাড়ি রেখে খোলা আকাশের নিচে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাবেন তিনি। সাইকেল চালানো অবশ্য সালমানের কাছে নতুন কিছু নয়; সিনেমার প্রয়োজনে, এমনিতেও অনেকবারই সাইকেল চালিয়েছেন তিনি। কিন্তু তাই বলে অফিসের সময়ে ব্যস্ত রাজপথে দিব্যি সাইকেল চালিয়ে কাজে যাওয়া! সম্প্রতি মুম্বাই বাসী এমনই এক বিরল দৃশ্য দেখেছেন এই শহরের রাজপথে। নিজের দামি গাড়ি রেখে সাইকেল চালিয়ে শুটিংয়ে যাচ্ছেন সালমান খান। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অবশ্য, মুম্বাইয়ের ব্যস্ত রাজপথে সালমান খানের এই সাইকেল চালিয়ে যাওয়ার পুরোটা সময় সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এ অভিনেতার নিরাপত্তারক্ষীরা। সাইকেল আরোহী সালমানের পাশে বাইকে এবং পেছনের একটি গাড়িতে করে এই অভিনেতাকে অনুসরণ করে আসছিলেন তাঁরা।

দাবাং ২ ছবির শুটিংয়ের সময়েও একবার সালমান খানের কারণে রাজপথে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছিল। সে সময় ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে ধরে কমলিস্তান স্টুডিওতে শুটিংয়ে যাচ্ছিলেন সালমান। পথে তাঁর যাওয়ার সময় অসংখ্য সালমান ভক্ত, পথচারী ও উৎসুক দর্শনার্থীদের অতি কৌতূহলে ভিড় করে তাঁকে ঘিরে ধরার কারণেই ঘটেছিল সেই ট্রাফিক জ্যাম।
বলিউডে চলচ্চিত্র নিয়ে সব সময়েই প্রতিযোগিতার হাড্ডাহাড্ডি লড়াই চলে শাহরুখ, আমির আর সালমান খানের মধ্যে। তুমুল প্রতিযোগিতা চলে খবরের শিরোনাম হওয়ার ক্ষেত্রেও। বলিউডের এই শীর্ষ তিন অভিনেতার সর্বশেষ সাতটি ছবি বিবেচনায় বক্স অফিস জনপ্রিয়তার হিসেবে কিন্তু সালমান খানই এগিয়ে আছেন। সালমান খানের ‘দাবাং’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘রেডি’ ও বডিগার্ড ছবি দুটি। ২০১২ সালে মুক্তি পায় ‘এক থা টাইগার’ ও ‘দাবাং-২’। ২০১৪ সালে মুক্তি পেয়েছে ‘জয় হো’ ও ‘কিক’।
সালমানের সর্বশেষ সাতটি ছবির আয়ের পরিমাণ এক হাজার ১১৭ কোটি রুপি ছাড়িয়েছে। ভারতের বক্স অফিসে তাঁর ছবিগুলো আয় করেছে যথাক্রমে ১৪১, ১৩১, ১৬১, ১৯৯, ১৭৮, ১০৭ ও ২০০ কোটি রুপি।