সাইফ আলী খান কি পদ্মশ্রী হারাচ্ছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান
সাইফ আলী খান

অভিনেতা সাইফ আলী খানকে নিয়ে শুরু হয়ে গেল নতুন বিতর্ক। মারদাঙ্গার ঘটনায় জড়িয়ে পড়া এবং আদালতে চার্জ গঠন হওয়ায় তাঁর পদ্মশ্রী খেতাব কেড়ে নেওয়ার দাবি উঠল। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি সেই দাবি খতিয়ে দেখছে। যদিও সাবেক প্রতিমন্ত্রী বলিউডের বন্ধু কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল বলেছেন, খেতাব কেড়ে নেওয়ার ভাবনাচিন্তার খবর আদৌ সত্য নয়।
তথ্য জানার অধিকার আন্দোলনের (আরটিআই) সঙ্গে যুক্ত বিশিষ্ট কর্মী সুভাষচন্দ্র আগরওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখে এই দাবি জানিয়েছেন এ বছরের ১৪ মার্চ। পরে আরও একটি চিঠি লিখে তিনি জানতে চান তাঁর দাবি বিবেচিত হচ্ছে কি না। সেই চিঠির উত্তরে বলা হয়েছে, বিষয়টি বিবেচনাধীন। অভিনয় জগতে অবদানের জন্য সাইফ আলী খান পদ্মশ্রী পেয়েছিলেন ২০১০ সালে।
চার বছর আগে পাওয়া খেতাব কেড়ে নেওয়ার দাবি এখন কেন উঠল? কারণ, সাইফ আলী নাকি মারপিটে জড়িয়ে পড়েছিলেন। অভিযোগটা এই রকম, স্ত্রী কারিনা, অভিনেত্রী মালাইকা অরোরা খান, তাঁর বোন অমৃতা ও তাঁদের স্বামী শাকিল লাদাক ও বিলাল আমরোহীদের সঙ্গে সাইফ আলী মুম্বাইয়ের তাজ হোটেলের ওয়াসাবি রেস্তোরাঁয় ডিনার খেতে গিয়েছিলেন ২০১২ সালের ফেব্রুয়ারিতে। পাশের টেবিলে ডিনার করছিলেন দক্ষিণ আফ্রিকার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর ভারতীয় বংশজাত দক্ষিণ আফ্রিকার নাগরিক ইকবাল শর্মা ও তাঁর বাবা। খানাপিনার মাঝে বাধে গোলমাল। অভিযোগ, হইচই কম করতে অনুরোধ জানানোয় সাইফ আলীরা চড়াও হন ইকবালদের ওপর। কোলাবা থানায় অভিযোগ দাখিল করে ইকবালরা জানান, সাইফ আলীর ঘুষিতে তাঁর নাক ভেঙে গেছে। অভিযোগের ভিত্তিতে সাইফ ও অন্যদের বিরুদ্ধে ৩২৫ ও ৩৪ ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হয়। মুম্বাই আদালতে এ অভিযোগের ভিত্তিতে চার্জও গঠিত হয়েছে। সাইফ আলী ও অন্যরা আপাতত জামিনে মুক্ত।