সাইফের খোলা চিঠির উত্তর দিলেন কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

সাম্প্রতিক সময়ে বলিউডের স্বজনপ্রীতি নিয়ে কম কাদা-ছোড়াছুড়ি হয়নি। বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বলেছিলেন, করণ স্বজনপ্রীতির ধারক-বাহক। ক্ষুব্ধ করণ এবার আইফা অ্যাওয়ার্ড আসরের মঞ্চে কঙ্গনাকে একহাত দেখে নেওয়ার জন্যই বোধ হয় প্রসঙ্গটি আবার তোলেন। অভিনেতা সাইফ আলী খান ও বরুণ ধাওয়ানকে সঙ্গে নিয়ে কঙ্গনাকে ইঙ্গিত করে করণ ঘোষণা করেন, স্বজনপ্রীতি জিন্দাবাদ!

একপর্যায়ে তিনজন গেয়ে ওঠেন, ‘বোলে চুড়িয়া বোলে কঙ্গনা’। গান থামিয়ে করণ বলেন, ‘কঙ্গনা না বললেই ভালো, ও অনেক বলে!’

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়ায়। নিজেদের ভুল বুঝতে পেরে করণ, বরুণ, সাইফ—তিনজনই দুঃখ প্রকাশ করেন। একধাপ এগিয়ে ডিএনএ পত্রিকায় সাইফ লেখেন এক খোলা চিঠি। এত দিন আইফা–কাণ্ড নিয়ে কোনো কথা বলেননি কঙ্গনা। কফি উইথ করণের পর্বটিতে কঙ্গনার পাশেই বসে ছিলেন সাইফ। রেঙ্গুন ছবির সহশিল্পীর চিঠিটি কঙ্গনার নীরবতা ভাঙল। এবার মিডডেতে কঙ্গনা লিখলেন আরেকটি খোলা চিঠি।

সাইফ আলী খান
সাইফ আলী খান

সাইফ লিখেছিলেন, ‘প্রতিটি কাজের প্রতিভা ও একাগ্রতা মানুষ তাঁর পূর্বসূরিদের কাছ থেকে পায়।’ উত্তরে কঙ্গনা লিখলেন, ‘সাইফের কথা সত্যি হলে আমার এখন গ্রামে থেকে চাষাবাদ করার কথা।’ কঙ্গনার বাবা গ্রামের একজন সাধারণ কৃষক।

সাইফ বিশ্বাস করেন, তারকা বংশের কেউ অভিনয় করলে এই প্রতিভা উত্তরসূরিদের মধ্যে দেখা যাবে। এই কথা বলতে গিয়ে সাইফ রেসের ঘোড়ার উদাহরণ টানেন। লেখেন, ‘যে ঘোড়া রেসে একাধিকবার জেতে, তার শাবকদেরও পরে রেসের উপযোগী করে গড়ে তোলা হয়। কারণ, ভালো দৌড়ানোর গুণ ঘোড়াটি তার মা-বাবার কাছ থেকেই পায়।’ উত্তরে কঙ্গনা খোলা চিঠিতে বিস্ময় প্রকাশ করে লিখলেন, ‘শিল্পীদের সঙ্গে রেসের ঘোড়ার তুলনা কীভাবে হতে পারে!’ সূত্র: ইন্ডিয়া টুডে।