সাইফের নতুন ছবি

সাইফ আলী খানের বছরের শুরুটা হয়তো আশাপ্রদ হয়নি। তাঁর অভিনীত ‘রেঙ্গুন’ বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। তবে এখনো নবাব সাহেবের ঝুলিতে একের পর এক চমকপ্রদ ছবি মুক্তির আশায় দিন গুনছে। তাঁর অভিনীত ‘বাজার’, ‘শেফ’ ও ‘কালাকান্দি’ তিনটি তিন ধারার ছবি। ছবিগুলো এ বছরই হয়তো মুক্তি পাবে।
বলিউডে এবার জোর রব, আনুশকা শর্মার ‘এনএইচ ১০’খ্যাত পরিচালক নবদীপ সিংয়ের আগামী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইফ। নবদীপের আগামী ছবিটিও সম্ভবত থ্রিলারধর্মী হবে। আর খবর পাওয়া গেছে, এই ছবিটি আনন্দ এল রাইয়ের প্রযোজনা করার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর অনুযায়ী, সাইফ কার সঙ্গে জুটি বাঁধবেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে জোর কদমে ছবির নায়িকা খোঁজার কাছ চলছে। এ বছরের শেষের দিকে নবদীপের ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু এ ব্যাপারে পরিচালক এখনো নিশ্চিত করে কিছু বলেননি।
সাইফ আলী খানও এক পত্রিকার সাক্ষাৎকারে নবদীপের ছবিতে কাজ করার বিষয়টি খোলসা করেননি। তিনি বলেছেন, ‘এ ছবির ব্যাপারে খুবই প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে। তাই এ বিষয়ে মন্তব্য করার এটা উপযুক্ত সময় নয়।’