সাইফের পর বিপাশাও!

‘হামসকলস’ ছবি মুক্তি দিয়ে ভালোই বিপাকে পড়েছেন এর নির্মাতা সাজিদ খান। ছবিটি শুধু দর্শকদের নিন্দাই কুড়ায়নি, ছবির প্রধান দুই অভিনয়শিল্পী সাইফ আলী খান ও বিপাশা বসুর অপ্রিয় পাত্রে পরিণত করেছে সাজিদকে। মাস খানেক আগে সাইফ জানান, ভবিষ্যতে সাজিদের সঙ্গে কাজ করার কোনো ইচ্ছে তাঁর নেই। এবার সাইফের সঙ্গে সুর মিলিয়ে বিপাশা বললেন, ‘না, আমি আর কখনোই সাজিদের সঙ্গে কাজ করব না।’
‘হামসকলস’ মুক্তির আগে এর প্রচারণায় অংশ না নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বিপাশা। কমেডি ঘরানার ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিপাশা। মুক্তির পর ছবির পাশাপাশি তাঁর চরিত্রটিকেও ভালোভাবে গ্রহণ করেননি দর্শকেরা। সম্প্রতি এর পুরো দায়ভার তিনি চাপিয়েছেন সাজিদের ঘাড়ে।
এ প্রসঙ্গে বিপাশার ভাষ্য, ‘না, আমি আর কখনোই সাজিদের সঙ্গে কাজ করব না। অনেক বছর ধরে আমি হিন্দি চলচ্চিত্র শিল্পে কাজ করছি। আমি অনেকের সঙ্গেই কাজ করেছি। কেউ আমার বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়নি। ‘‘হামসকলস’’ ছবিতে অভিনয় করে আমি অনেক বড় ভুল করেছি। এমন ভুল আমার সচরাচর হয় না।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
বিপাশা আরও বলেন, ‘আমি স্রেফ বিশ্বাসের ওপর ভর করে ছবিটিতে অভিনয় করেছিলাম। সত্যি বলতে কি, আমি কী করছিলাম, ছবিটিতে অভিনয়ের সময় তার কিছুই বুঝিনি। কাজ শেষ হওয়ার পর ছবিটি দেখে আমার খুবই বিরক্ত লেগেছে। এ জন্য ছবিটির প্রচারণায় আমি অংশ নেইনি। ছবিটি যাঁরা দেখেছেন, তাঁরা খুব সহজেই বুঝতে পারবেন কেন আমি এর প্রচারণায় অংশ নেইনি।’
অবশ্য ছবির সহপ্রযোজক বসু ভাগনানি ও পরিবেশক সংস্থা ফক্স স্টার স্টুডিওসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেই জানিয়েছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের এ তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘বসু সাহেব এবং ফক্স স্টার স্টুডিওসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাঁরা ছবিটির পেছনে বড় অঙ্কের অর্থ লগ্নি করেছেন। বিষয়টিকে আমি শ্রদ্ধা করি।’
বিপাশা আরও বলেন, ‘সত্যিই আমি বুঝতে পারছিলাম না, কীভাবে সততার সঙ্গে ছবিটির প্রচারণায় আমি অংশ নেব। শুধু শুধু বোকার মতো মঞ্চে উঠে ছবির গুণগান গাইতে ইচ্ছে হয়নি আমার। পৃথিবীর সবচেয়ে বাজে মিথ্যাবাদী আমি। এসব দিক বিবেচনা করে ছবিটির প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম।
প্রসঙ্গত, গত জুনে ‘হামসকলস’ ছবিটি মুক্তির পরপরই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এক মাসের মাথায় সাইফ মন্তব্য করেন, ‘ছবিটি দেখে আমি খুবই হতাশ হয়েছি। সত্যি বলতে কি, এটি দেখার সময় আমি বারবার নিজেকে প্রশ্ন করছিলাম, ছবিতে আমি এসব কী করছি! আমি জানি, এমন একটি ছবিতে অভিনয় করে আমার ভক্তদের মনে কষ্ট দিয়েছি আমি। শুধু তা-ই নয়, তাঁদের বুদ্ধিমত্তাকেও ছোট করে দেখার চেষ্টা করেছি।’ সাইফ আরও বলেন, ‘ছবির কোনো চিত্রনাট্য আমি হাতে পাইনি। পুরো ছবিতেই তাত্ক্ষণিকভাবে অভিনয় করতে হয়েছে আমাকে। ছবির পরিচালক যা বলেছেন, আমি কেবল তা-ই করেছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে। আমি সচরাচর যে ধরনের রসিকতা উপভোগ করি, তার বিন্দুমাত্রও খুঁজে পাইনি অভিনয় করার সময়। বলা যায়, ‘হামসকলস’ ছবিতে নিজস্ব সত্তাকে ভুলে অনেকটা জোর করেই অভিনয় করেছি আমি।’
‘হামসকলস’ ছবির পর সাজিদ খানের আরেকটি ছবিতে অভিনয় করার কথা ছিল সাইফের। কিন্তু সাইফ সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে সাজিদের সঙ্গে কাজ করার কোনো ইচ্ছে তাঁর নেই।