সাইবার অপরাধে অভিনেত্রী গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্য করে গ্রেপ্তার হলেন কলিউড অভিনেত্রী মীরা মিঠুন। একটি বিশেষ গোত্রের মানুষের মনে আঘাত ও সাইবার অপরাধের অভিযোগে আজ শনিবার ভারতের চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মীরা দ্য বিগবস থ্রি-এর একজন প্রতিযোগী।
মুখরা মীরার দলিত গোত্রকে ও এই গোত্রের চলচ্চিত্রকারদের কটাক্ষ করে একটি ভিডিও প্রকাশ করেন। এতে বিরক্ত হয়ে গোত্রের কয়েকজন নেতা মীরার বিরুদ্ধে অভিযোগ করেন। ইউটিউবে ওই ভিডিওতে মীরাকে বলতে দেখা গেছে, ‘দলিত গোত্রের লোকদের নানা অপকর্মের শিকার হয়ে সমস্যার মুখে পড়েন অন্যরা। চলচ্চিত্র অঙ্গন থেকে দলিত গোত্রের লোকজনকে বের করে দেওয়া উচিত।’
মীরার এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। দলিত গোত্র সমর্থিত রাজনৈতিক দল ভিসিকে-এর প্রধান ও সাংসদ তোল ত্রিরামবলবান ওই ভিডিও শেয়ার করে অবিলম্বে এই অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবি জানান। দলটির আরও বেশ কয়েকজন নেতা–কর্মী মীরার নামে থানায় অভিযোগ করেন। পরে চেন্নাই পুলিশ কেরালা থেকে মীরাকে গ্রেপ্তার করে।
পুলিশ গ্রেপ্তার করতে গেলে আত্মহত্যার হুমকি দিয়ে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, পুলিশ যদি তাঁর ধারেকাছেও ঘেঁষে তাহলে তিনি আত্মহত্যা করবেন। মীরা মিঠুন বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেছেন।