মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ল হ্যাপি নিউ ইয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবিটি। ছবি: রয়টার্স
ভারতে মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবিটি। ছবি: রয়টার্স

গতকাল শুক্রবার দেওয়ালি উৎসবে ভারতে মুক্তি পেয়েছে হ্যাপি নিউ ইয়ার। আবারও শাহরুখ খানের চমক। মুক্তির প্রথম দিনেই ছবিটি নাকি ৪০ কোটি রুপির ওপর আয় করতে চলেছে। কারণ হিসেবে আইএসটি-এর খবরে গতকাল বলা হয়েছে, ভারতের শতকরা ৯৫টি মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পেয়েছে। আয়ের তথ্যটি যদি সঠিক হয়, তবে এটা একটা রেকর্ডই বটে। এছাড়াও নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, পুনে ও হায়দরাবাদে ভালো সাড়া ফেলেছে শাহরুখ-দীপিকা জুটির তৃতীয় এই ছবি।

শাহরুখের দেওয়ালি উপহারএদিকে কিক ছবিটি ২০০ কোটি রুপি আয়ের পর বলা হচ্ছিল শাহরুখ সালমানকে কাটাতে পারবেন কি-না। তবে প্রথম দিনের আয়ের পর মনে হচ্ছে শাহরুখের এই ছবিটি সেটি ছুতে পারবে।

শাহরুখ ভক্তদের জন্য খবর হচ্ছে দেওয়ালিতে শাহরুখের যত মুভি মুক্তি পেয়েছে, কোনোটি দর্শকদের হতাশ করেনি। বলিউডে গত ২২ বছরের ক্যারিয়ারে ২০ বছরেই দেওয়ালিতে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি। আর সবই আবার বক্স অফিসে ব্লকবাস্টার হিট। বাজিগর (১৯৯৩), দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫), দিল তো পাগল হ্যায় (১৯৯৭)। এরই ধারাবাহিকতায় কুছ কুছ হোতা হ্যায়, বীর-জারা, ওম শান্তি ওম, মোহাব্বতে এবং চেন্নাই এক্সপ্রেস মুক্তি পেয়েছিল দেওয়ালিতেই। ব্লকবাস্টার হিট সবগুলোই। অতীতের ধারাবাহিকতায় এবারও হ্যাপি নিউ ইয়ার ব্লকবাস্টার হিট হবে শাহরুখ এমন আশা করতেই পারেন। তবে প্রথম দিনটি ভালোই গেছে বলতে হবে।

শাহরুখ খানের নিজ প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে হ্যাপি নিউ ইয়ার ছবিটি প্রযোজনা করছেন স্ত্রী গৌরী খান।


ট্রেলারে দেখা গেছে নাচ, গান আর অ্যাকশনে ভরপুর একটি ছবি হ্যাপি নিউ ইয়ার। পরিচালক ফারাহ খানের সঙ্গে শাহরুখের এটি তৃতীয় ছবি। এর আগে এই জুটি ম্যায় হু না, ওম শান্তি ওম ছবি করেছে। ওম শান্তি ওম এবং চেন্নাই এক্সপ্রেসের পর শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের এটি তৃতীয় ছবি।