সাতদিনব্যাপী সালমানের জন্মদিন উদযাপন!

বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খানের ৪৯তম জন্মদিন আজ। সালমানের পানভেল ফার্মহাউসে ঘটা করে তাঁর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছে। এক খবরে এনডিটিভি জানিয়েছে, সাত দিন ধরে চলবে খান সাহেবের জন্মদিন উদযাপন।
সালমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ হাজির হন তাঁর পরিবারের সদস্যসহ বন্ধু ও সহকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, অজয় দেবগন, ইমরান খান, রিতেশ দেশমুখ, বিদ্যা বালান, করণ জোহর, মিনিষা লাম্বা, স্নেহা উল্লাল, হিমেশ রেশমিয়া, কুনাল খেমু, সোহা আলী খান, গওহর খান, সোফি চৌধুরী, সুরভীন চাওলা প্রমুখ।
সাত দিন ধরে সালমানের জন্মদিন উদযাপন উপলক্ষে তাঁর কাছের এক বন্ধু জানিয়েছেন, সালমানের এবারের জন্মদিন এক সপ্তাহ ধরে উদযাপিত হবে। কাজ থেকে ছুটি নিয়ে শুক্রবার রাতেই পানভেল পৌঁছেছেন সালমান। সেখানে তিনি ৩ জানুয়ারি পর্যন্ত থাকবেন। জন্মদিন উদযাপনের পাশাপাশি নতুন বছরকেও বরণ করে নেবেন তিনি।