সাধারণ এক মেয়ে জাহ্নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহ্নবী কাপুর
ইনস্টাগ্রাম।

বলিউডের দুনিয়ায় চলছে দক্ষিণ ভারতীয় সিনেমা রিমেকের ধুম। সেই খাতায় নাম তুললেন জাহ্নবী কাপুর। এবার তাঁকে দেখা যাবে তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’য়। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণি নায়িকা নয়নতারা। আর নয়নতারার সঙ্গে পর্দায় থাকবেন জাহ্নবী।
লকডাউন শেষে শিগগির কাজে ফিরবেন জাহ্নবী। চলতি সপ্তাহে পাঞ্জাবে শুরু হয়ে ৪৫ দিন চলবে ছবির শুটিং। সিদ্ধার্থ সেনগুপ্তের পরিচালনায় তামিল সিনেমার এই হিন্দি রিমেক হবে ‘ফ্রেম টু ফ্রেম’ পুনর্নির্মাণ। সেখানে জাহ্নবীকে দেখা যাবে সাধারণ একটি মেয়ের চরিত্রে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁকে দেখা যাবে ‘রুহ আফজা’ সিনেমায়, ‘দস্তানা টু’তে কার্তিক আরিয়ানের সঙ্গে। রণবীর সিং, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, ভূমি পেড়নেকরের সঙ্গে দেখা যাবে করণ জোহরের পরের ছবিতে।

জাহ্নবী কাপুর ও কার্তিক আরিয়ান
কোলাজ

সম্প্রতি একটি ছবি ভাইরাল হওয়ার পর পুনরায় আলোচনায় এসেছেন জাহ্নবী কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ডিংয়ে উঠে এসেছে সেই ছবি। সেখানে তাঁকে দেখা গেছে কার্তিক আরিয়ানের সঙ্গে। দুজনই পরেছেন একই রঙের টি–শার্ট। দুই দিন আগে ভারতের মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন কার্তিক আর জাহ্নবী। তবে সেটা সিনেমার শুটিংয়ের উদ্দেশে, নাকি স্রেফ ছুটি কাটাতে, তা স্পষ্ট নয়। অনেকের ধারণা, তাঁরা প্রেম করছেন। এমনকি কেউ কেউ মন্তব্য করেছেন, দুজনকে বেশ মানিয়েছে। কিন্তু সেখানে কী করছেন দুজন, জানা যায়নি।

জাহ্নবী কাপুর অভিনীত, সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। ২০২০ সালে মুক্তি পায় ছবিটি। সূত্র: ফিল্মফেয়ার ও এনডিটিভি