সাধারণ চরিত্রে 'অসাধারণ' ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

অতিমাত্রায় যারা রসিক, তাঁরা রসিকতা করে বলতেই পারেন ঘরে বেকার স্বামী থাকলে এমনটিই হয়! না হলে ঐশ্বরিয়ার দশা এমনটি হবে কেন। এত আটপৌরে; এত সাদামাটা পোশাক-আশাক! বাস্তবে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়ার জীবন অসাধারণ আর আভিজাত্যে মোড়া হলেও সাম্প্রতিক একটি ছবিতে এমনই একটি সাধারণ নারী চরিত্রে অভিনয় করছেন ‘অসাধারণ’ ঐশ্বরিয়া।
সেরা সুন্দরীর শিরোপা জেতা দিয়ে পথ চলার শুরু হয়েছিল তাঁর। শুরু থেকেই গ্ল্যামার তাঁর সঙ্গী। বিশ্বসুন্দরী কিংবা মডেলিংয়ের পর দীর্ঘ অভিনয় জীবনেও বেশির ভাগ ক্ষেত্রে ‘গ্ল্যামারাস’ সব চরিত্রেই অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু এবার তিনি পর্দায় আসছেন একেবারেই আটপৌরেভাবে (নন-গ্ল্যামারাস লুক)।
পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবস্থায় অন্য কারাবন্দীদের হামলায় নিহত ভারতীয় নাগরিক সর্বজিত সিংকে নিয়ে নির্মিতব্য ‘বায়োপিক’ধর্মী ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবিতে তাঁকে দেখা যাবে সর্বজিত সিংয়ের বোন দলবীর কাউরের চরিত্রে। ভাইকে জেল থেকে বের করে আনা যাঁর সারা জীবনের লড়াই।
মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় চলছে এ ছবির শুটিং। খয়েরি রঙের সাধারণ সালোয়ার-কুর্তায় সেটে হাজির হচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী। পায়ে থাকছে সাধারণ চপ্পল।
এ ছবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চরিত্রের প্রয়োজনে একেবারেই সাধারণভাবে প্রায় মেকআপ ছাড়াই পর্দায় হাজির হচ্ছেন তিনি।

দীর্ঘ পাঁচ বছর পর ‘জজবা’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটলেও ঐশ্বরিয়া অভিনীত এই ছবিটি বক্স অফিসে তেমন লাভের মুখ দেখেনি। তাই এ ছবির ওপরই নাকি বাজি ধরেছেন বচ্চন-বধূ।
সব ঠিকঠাক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস। পিংক ভিলা ডটকম।