সাধারণ থেকে অসাধারণ নানা পাটেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে নানা পাটেকর
মায়ের সঙ্গে নানা পাটেকর

তিনি জীবনের শুরুর দিকে উপার্জনের জন্য রাস্তায় জেব্রা ক্রসিং আঁকতেন। প্রয়োজনে বলিউডের ছবির পোস্টার এঁকেও উপার্জনের চেষ্টা করেছেন তিনি। এসব করে মাস গেলে হাতে আসত মেরে-কেটে ৩৫ টাকা! 

তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন অত্যন্ত বলিষ্ঠ অভিনেতা নানা পাটেকর। তিন দশক ধরে বলিউড তাঁর নানা ধরনের অভিনয় দেখে আসছে। কখনো তিনি তাঁর অভিনয়ে মানুষকে হাসিয়েছেন, কখনো বা কাঁদিয়েছেন, কখনো বা ভাবতে বাধ্য করেছেন আমাদের দৈনন্দিনের অনেক অবহেলিত বিষয় নিয়ে। আজ সাফল্যের শিখরে পৌঁছেও তিনি কিন্তু বদলে যাননি। তিনি আজও সেই মাটির মানুষ।
তাঁর বাস্তব জীবনটা আর সব তারকার তুলনায় আলাদা। পোশাক থেকে বাসস্থান—তাঁর জীবনযাত্রায় বিলাসিতা নেই এতটুকু। যাকে বলে একেবারে নিপাট সাদামাটা জীবন কাটাতেই ভালোবাসেন নানা। মুম্বাইয়ের একটা সাধারণ ছোট অ্যাপার্টমেন্টে মায়ের সঙ্গে থাকেন তিনি, যার বেডরুমের সংখ্যা মাত্র একটি।
পাঠক হয়তো জেনে অবাকই হবেন, ভারতের অগণিত আমজনতার পাশে তিনি রয়েছেন ৩০ বছর ধরেই। বিগত ৩০ বছরে প্রতি মাসে নিজের উপার্জনের ৯০ শতাংশ মহারাষ্ট্রের গরিব মানুষদের দান করে চলেছেন নানা পাটেকর! মহারাষ্ট্র যে সময় খরার কবলে পড়ে এবং একের পর এক কৃষকের আত্মহত্যার খবর উঠে আসতে থাকে শিরোনামে, তখনো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন নানা। মারাঠাওয়াড়ায় গিয়ে ১১২টি কৃষক পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন ১৫ হাজার টাকা।
শুধু এখানে নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে আরও ৭০০টি কৃষক পরিবারের সঙ্গে দেখা করেন নানা। তাঁদের অর্থনৈতিক সংকট মেটাবার চেষ্টা করেন নিজের সামর্থ্য অনুযায়ী। যেসব কৃষক আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বনির্ভর করে তুলতে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নানা। এসব কাজ দেখভালের জন্য তাঁর একটা স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে। এই সংস্থার মাধ্যমে এ যাবৎ ২২ কোটি টাকা ব্যয় করেছেন কৃষকদের সাহায্যের জন্য।
সূত্র: ইন্ডিয়ান টাইমস