সানড্যান্সে 'সাউথসাইড উইথ ইউ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাউথসাইড উইথ ইউ’ ছবির কাহিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রেম নিয়ে।
‘সাউথসাইড উইথ ইউ’ ছবির কাহিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রেম নিয়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে সানড্যান্স চলচ্চিত্র উৎসব। এ উৎসবেই প্রিমিয়ার হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রেম নিয়ে নির্মিত ‘সাউথসাইড উইথ ইউ’ ছবিটির।

এ ছবির চিত্রনাট্যকার ও নির্মাতা রিচার্ড ট্যান জানিয়েছেন, যদিও তাঁরা এ ছবি এখন পর্যন্ত দেখেননি, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা; দুজনেই জানেন ‘সাউথসাইড উইথ ইউ’ ছবির কথা। বিশ্বস্ত একটি সূত্রের উদ্ধৃতিতে রিচার্ড আরও বলেছেন, ‘তাঁরা (বারাক ওবামা ও মিশেল ওবামা) দুজনেই এ ছবি নিয়ে বেশ রোমাঞ্চিত।’
‘সাউথসাইড উইথ ইউ’ ছবির কাহিনি সম্পর্কে রিচার্ড জানিয়েছেন, এটি নিখাদ এক প্রেমের কাহিনি। আর এ ছবির কথা তাঁর মাথায় এসেছিল বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ারও আগে। বারাক ওবামা ও মিশেল ওবামার প্রথম যৌবনের সেই উজ্জ্বল স্মৃতিময় ভালোবাসার কাহিনিকেই সেলুলয়েডে ধারণ করতে চেয়েছেন এই নির্মাতা।
এ ছবিতে প্রেসিডেন্ট বারাক ওবামার চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা পার্কার সয়্যার। আর মার্কিন ফার্স্ট লেডি মিশেলের চরিত্রে অভিনয় করেছেন টিকা সাম্পটার।
রিচার্ড জানিয়েছেন, এ ছবির গল্পে ফুটে উঠেছে মিশেলের প্রেমে পড়ার পর বারাক ওবামা কীভাবে তাঁকে বুদ্ধি দিয়ে জয় করেছিলেন। পার্কে দুপুরের খাবার খাওয়ার আগেই শিকাগোর আর্ট ইনস্টিটিউটে যাওয়া, স্পাইক লির ছবি ‘ডু দ্য রাইট থিং’ দেখা, বাসকিন রবিনসে গিয়ে চকলেট আইসক্রিম আর সেই দুজনের প্রথম ভালোবাসার দারুণ রোমাঞ্চকর মুহূর্ত।
অনেকেই প্রশ্ন তুলেছেন—প্রেমের ছবি ভালো কথা, কিন্তু এ ছবি কি রিপাবলিকানরা দেখবেন? মূল্যবান প্রশ্নই বটে। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্টের জীবনের কাহিনি দেখতে কি রিপাবলিকানরা আসবেন?
এ প্রসঙ্গে মিশেলের চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই টিকা সাম্পটারের স্পষ্ট উত্তর হচ্ছে, এ ছবি না ডেমোক্র্যাট, না রিপাবলিকান, না অন্য কিছু। এ ছবি নিখাদ এক প্রেমের কাহিনির। এনডিটিভি। ওয়াশিংটন পোস্ট।