সানাহকে নিয়ে যা বললেন আমির-পত্নী

‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা সানাহ শেখ। পরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এ আবার তাঁকে দেখা যাবে আমিরের নায়িকা হিসেবে। এই ঘোষণা পাওয়ার পর থেকেই বলিউডে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। অনেকের ধারণা, আমির চেষ্টা-তদবির করে সানাহকে এই ছবির নায়িকা হওয়ার সুযোগ করে দিয়েছে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন আমিরের স্ত্রী ও নির্মাতা কিরণ রাও।
কিরণ বলেন, ‘সিনেমায় কোন চরিত্রে কাকে নিয়ে কাজ করা হবে, এটা নিয়ে আমরা কাজ করি না। এটি যশরাজ ফিল্মসের ছবি। তাই প্রতিষ্ঠানের কর্ণধার আদিত্য চোপড়া, পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ও আমির মিলেই সব সিদ্ধান্ত নিয়েছেন। আর এটি তাঁদের কাছে অনেক বড় একটি প্রকল্প। তাই তাঁরা সবাই নিশ্চয়ই চিন্তাভাবনা করেই সানাহকে এই চরিত্রে নিয়েছেন। মেধা না থাকলে কোনোভাবেই সে এখানে কাজ করার সুযোগ পেত না।’
‘থাগস অব হিন্দুস্তান’-এর আরেক নায়িকা ক্যাটরিনা কাইফ। আগামী মাস থেকে এই সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। আর এটি মুক্তি দেওয়া হবে ২০১৮ সালের দিওয়ালিতে। এনডিটিভি।