সানি দেওল বন্দনায় প্রীতি জিনতা

বড় একটা সময় পর্দার বাইরে ছিলেন প্রীতি জিনতা। ফিরছেন ‘ভাইয়াজি সুপারহিট’ ছবির মধ্য দিয়ে। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সানি দেওল। সানিকে নিয়ে এখন দারুণ উচ্ছ্বসিত প্রীতি। শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমকর্মীদের প্রীতি বলেছেন, ‘সানির সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ খুশি। সানি আমার প্রিয় নায়ক।’
সানি দেওলের পরিচালনায় ‘দিল্লাগি’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি। এরপর ‘ফার্জ’, ‘ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে’, ‘দ্য হিরো’ এবং ‘হিরোজ’ ছবিতে সানির সঙ্গে ছিলেন প্রীতি। কিন্তু ‘হিরোজ’ ছবিতে তাঁদের দুজনের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না।
বহুদিন পর সানির সঙ্গে অভিনয় করছেন, এ কথা প্রীতিকে মনে করিয়ে দিতেই তিনি বললেন, ‘এটাকে বহুদিন পরে বলা ঠিক হবে না। তবে হ্যাঁ, আমি কিছুদিন অভিনয় করিনি, ফিরে এসে ভালো লাগছে। দেওল পরিবারের প্রতি আমার রয়েছে আজীবন ভালোবাসা। সব সময়ই আমার হৃদয়ের খুব কাছাকাছি তাঁদের অবস্থান। বহুদিন পর ছবি করতে এসে ভালো লাগছে। সানির সঙ্গে কাজ করে মজা আছে, কারণ তিনি শুধু অভিনয়শিল্পীই নন, তিনি একজন পরিচালকও। তিনি সব সময়ই অভিনয়শিল্পীদের নিয়ে ভাবেন, ফলে তাঁর সঙ্গে কাজ করা সহজ এবং তৃপ্তিকর। আমি যখন আমার প্রথম ছবি “ফার্জ”-এ অভিনয় করেছি, তখন তিনি আমাকে খুবই সহযোগিতা করেছেন।’
বিয়ের পর ‘ভাইয়াজি সুপারহিট’ই প্রীতির প্রথম ছবি।