সানি লিওনকে রাখীর চ্যালেঞ্জ

‘জিসম ২’ তারকা সানি লিওনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খবরের শিরোনাম হলেন বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত। তাঁর দাবি, তিনি সানির চেয়ে ভালো নাচতে পারেন। শুধু তা-ই নয়, তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় সানি এতটা জনপ্রিয়তা অর্জনের সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেছেন ৩৫ বছর বয়সী রাখী সাওয়ান্ত।
তুষার কাপুরের সঙ্গে ‘মাস্তিজাদে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। সম্প্রতি ৩৩ বছর বয়সী সানির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাখী বলেন, ‘আসুন, আমার সঙ্গে নেচে দেখান। তাহলেই বোঝা যাবে কে বেশি ভালো নাচে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এ ছাড়া রাখী দাবি করেছেন, রাজনীতি নিয়ে ব্যস্ততার কারণে মিডিয়ায় তাঁর অনুপস্থিতির জন্যই বলিউডে এতটা ওপরে উঠতে পেরেছেন সানি লিওন। অন্যথায় সানির পক্ষে এতটা জনপ্রিয় হয়ে ওঠা সম্ভব হতো না। রাখী মনে করেন, বলিউডে তিনিই সেরা আইটেম গার্ল। মূলত এ কারণেই তিনি সানির প্রতি নাচের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
রাখীর চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে সানি লিওন কী প্রতিক্রিয়া জানান, সেটাই এখন দেখার বিষয়।