সানির চোখে জল!

বাবা সানি দেওলের পথ অনুসরণ করছেন ছেলে করণ। ঠিক যেভাবে সানি তাঁর বাবা ধর্মেন্দ্রর দেখানো পথে হেঁটেছিলেন। ধর্মেন্দ্রর হাত ধরে ‘বেতাব’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। এবার সানির হাত ধরে বি-টাউনে পা রাখতে চলেছেন করণ। জি স্টুডিওজ এবং দাদু ধর্মেন্দ্রর প্রযোজিত ‘পল পল দিল কে পাস’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হতে চলেছে করণের। আর ছবিটি পরিচালনা করছেন সানি দেওল।
দেওল পরিবার রীতিমতো উত্তেজিত বলিউডে করণের এই প্রথম ছবিকে ঘিরে। জানা গেছে, সানি ‘পল পল দিল কে পাস’ ছবির সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে পড়েছেন। এই ছবিটির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে সানির। ছেলে করণের এটা প্রথম সিনেমা ছাড়াও বাবা ধর্মেন্দ্রর ‘ব্ল্যাকমেল’ সিনেমার কিশোর কুমারের গাওয়া সেই বিখ্যাত গানের একটি বাক্য ‘পল পল দিল কে পাস’কে ছবির নাম হিসেবে রেখেছেন সানি।
এদিকে জোর কদমে শুরু হয়েছে ‘পল পল দিল কে পাস’ ছবির শুটিং। এই ছবির শুটিংস্থল নির্বাচন করা হয়েছে মানালিতে। সেখানে কয়েক মাস ধরে ছবিটির শুটিং চলছে। তবে সেদিন মানালির আবহাওয়া খুবই ভয়াবহ ছিল। সানি ছবির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য শুট করার জন্য এদিন বেছে নিয়েছিলেন ১৫ হাজার ফুট উচ্চতার এক দুর্গম স্থান। আর সেদিন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি। তাই সবকিছু মিলিয়ে এদিন শুটিংয়ে প্রতিকূল পরিবেশ ছিল। আর এই প্রতিকূলতার মধ্যে করণকে একটা অ্যাকশন দৃশ্য শুট করতে হবে। করণের কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল এই পরিস্থিতি।
সূত্রের খবর অনুযায়ী, করণকে খুবই বেগ পেতে হয় এ দৃশ্যটি শুট করতে। এমনকি একসময় হাল ছেড়ে দেন করণ। এ সময় বাবা হিসেবে সানি পাশে দাঁড়ান ছেলের। ছেলের এই করুণ পরিস্থিতি দেখে শুটিংস্থলে রীতিমতো ভেঙে পড়েছিলেন বলিউডের অ্যাকশন হিরো সানি, যিনি যেকোনো চ্যালেঞ্জ নিতে সব সময় প্রস্তুত থাকেন। এমনকি ‘পল পল দল কে পাস’ ছবির শুটিং চলাকালীন সানির চোখে জল দেখা যায়। করণকে এদিন বুকে জড়িয়ে বলেন, ‘সরি বেটা, আমি যা করছি তোমার ক্যারিয়ারের ভালোর জন্য।’ বাবার সাহসে বলীয়ান হয়ে এদিন সব প্রতিকূলতার মধ্যেও অ্যাকশন দৃশ্যটি ভালোভাবে উতরে দেন করণ। জানা গেছে, সানিও ছেলের কাজে খুবই উচ্ছ্বসিত।
দুই বছর ধরে ‘পল পল দিল কে পাস’ ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলিউডের এই নবাগত অভিনেতা। এমনকি করণ একজন মানালির তরুণের মতো জীবনযাত্রা করছেন। সানি দেওল পরিচালিত এই ছবিতে করণের বিপরীতে দেখা যাবে সিমলার অষ্টাদশী তরুণী সেহর লাম্বাকে। দুই তরুণ-তরুণীর নিষ্পাপ প্রেমের গল্প নিয়ে গাঁথা হয়েছে ‘পল পল দিল কে পাস’ ছবিটি।
ছবিটির শুটিং শুরু হওয়ার আগে সানি জানিয়েছিলেন, ‘বাবার হাত ধরে আমার বলিউডে প্রবেশ। আজ আমার হাত ধরে করণ হিন্দি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করবে। তবে করণ তাঁর অভিনয়ের ক্যারিয়ার নিয়ে খুবই আবেগপ্রবণ এবং উৎসাহী।’ তবে দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম বলিউডে কতটা প্রতিষ্ঠা পাবে, তা সময়ই বলবে।