সানির পথে করণ

বাবা সানি দেওলের পথ অনুসরণ করলেন ছেলে করন। ধর্মেন্দ্রর হাত ধরে ‘বেতাব’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো। বাবা সানির হাত ধরে বি-টাউনে পা রাখলেন ছেলে করণ। সানি পরিচালিত ‘পাল পাল দিল কে পাস’ ছবিতে অভিনয় করতে চলেছেন তাঁর ছেলে। এই ছবির মাধ্যমে বলিউডে প্রথম আত্মপ্রকাশ করবেন করণ।
ব্লকবাস্টার ছবি ‘গাদার : এক প্রেম কথা’-এর ১৬ বছর পর আবার জি স্টুডিও ও সানি গাঁটছড়া বাঁধল। জি স্টুডিও ও ধর্মেন্দ্রর যৌথ প্রযোজিত ছবি ‘পাল পাল দিল কে পাস’ ছবির শুটিং সম্ভবত আগামী সপ্তাহ থেকে শুরু হবে। মানালির নিস্বর্গীয় সৌন্দর্যে ছবিটির শুটিং হবে। সানি তনয় করণের বিপরীতে দেখা যাবে সিমলার অষ্টাদশী তরুণী সেহের লাম্বাকে। দুই তরুণ-তরুণীর নিষ্পাপ প্রেমের গল্প নিয়ে গাঁথা হয়েছে ‘পাল পাল দিল কে পাস’ ছবিটি। সানি তাঁর পরিচালিত এই ছবির নামকরণ করেছেন পিতা ধর্মেন্দ্রর ‘ব্ল্যাকমেল’ সিনেমায় কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান থেকে অনুপ্রাণিত হয়ে।
মাস কয়েক আগেও ৫৯ বছর বয়সী অভিনেতা সানি দেওল রাজনীতিতে যোগদান করবেন কি না, তা নিয়ে ছিল অনেক সংশয়। সব সংশয় দূর করতে সানি নিজে টুইট করে জানান, রাজনীতি নয়, তিনি এখন ব্যস্ত তাঁর ছেলে করণের আসন্ন ছবি নির্মাণের কাজে। তাঁর এখন একমাত্র লক্ষ্য করণকে বলিউডে প্রতিষ্ঠিত করা।
সানি বলেন, ‘সত্যিই জীবনের সবকিছুই আবর্তিত হয়। আমার বাবার হাত ধরে আমার বলিউডে প্রবেশ। আজ আমার হাত ধরে করণ হিন্দি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করবে।’ করণ তাঁর অভিনয়ের ক্যারিয়ার নিয়ে খুবই আবেগপ্রবণ এবং উৎসাহী বলে জানান ‘বেতাব’খ্যাত অভিনেতা। তবে দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম বলিউডে কতটা প্রতিষ্ঠা পাবে, তা সময়ই বলবে।