সানিয়ার নতুন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানিয়া মালহোত্রা। ছবি: ইনস্টাগ্রাম
সানিয়া মালহোত্রা। ছবি: ইনস্টাগ্রাম

ক্যারিয়ারের সেই প্রথম দিন থেকেই চ্যালেঞ্জ নিচ্ছেন বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা। প্রতিটি ধাপেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। প্রথমেই আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করেন ‘ববিতা কুমারী’ চরিত্রে। এরপর বিশাল ভরদ্বাজের ‘পটাখা’ ছবিতে লড়াকু গ্রাম্য মেয়ের চরিত্রে। নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো অভিনেতার সঙ্গেও পাল্লা দিয়ে অভিনয় করলেন ‘ফটোগ্রাফ’ ছবিতে। ‘বাধাই হো’ ছবিতে ছিলেন আয়ুষ্মান খুরানার সঙ্গে। এবার বিদ্যা বালানের মতো অভিনেত্রীর সহশিল্পী হতে চলেছেন তিনি।

বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’ ছবি নিয়ে দিন দিন আগ্রহ বাড়ছে ভক্তদের। ভারতীয় গণিতবিদ শকুন্তলা দেবীর জীবনী নিয়ে এই ছবি। প্রথম ঝলকে (ফার্স্ট লুক) শকুন্তলা দেবীর চরিত্রে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন বিদ্যা। সেটে গিয়ে শকুন্তলার মেয়ে অনুপমা বিদ্যাকে দেখে অবাকও হয়েছেন। এবার এই ছবিতে যুক্ত হয়েছেন সানিয়া মালহোত্রা। তাঁকে দেখা যাবে শকুন্তলার মেয়ে অনুপমা ব্যানার্জির চরিত্রে। চরিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সানিয়া। পাশাপাশি আছে চাপা উত্তেজনাও। কারণ, বিদ্যার মতো প্রভাবশালী অভিনেত্রীর সঙ্গে অভিনয় করাটা যে চ্যালেঞ্জিং। সানিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত যে শকুন্তলা দেবীর মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। গণিতবিদ শকুন্তলা দেবীর সাফল্যের কথা অনেকেই জানেন। ছবিতে মা-মেয়ের সম্পর্ককে পর্দায় ফুটিয়ে তুলব ভেবে রোমাঞ্চিত আমি। বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করব ভেবে আরও বেশি রোমাঞ্চিত।’

ছবিটি পরিচালনা করছেন অনু মেনন। তিনি বলেন, ‘শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন আমি একজন গণিতবিদ শকুন্তলা দেবীকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম। কিন্তু অনুপমার সঙ্গে সময় কাটাতে গিয়ে আমি শকুন্তলা দেবীর এক নতুন রূপ খুঁজে পাই। অঙ্কের নানা সমীকরণের আড়ালে শকুন্তলার ভেতরে লুকিয়ে আছেন এক অন্য মানুষ, যা আমি অনুপমার সঙ্গে কথা বলে জানতে পারি। সানিয়া ছাড়া অন্য কেউ এত ভালো করে অনুপমার চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন না। মায়ের প্রতি অনুপমার গভীর ভালোবাসা সানিয়া দারুণভাবে ব্যক্ত করতে পারবেন। আমি নিশ্চিত, দর্শক সানিয়া ও বিদ্যা অভিনীত দুটি চরিত্রেরই প্রেমে পড়বেন।’

সানিয়া ঘাম ঝরাচ্ছেন চরিত্রের প্রস্তুতির জন্য। এ মাসের শেষে লন্ডনে উড়াল দেবেন শুটিং করতে।