সানিয়ার বায়োপিক বানাতে চান শাহরুখ

একজন বিনোদন জগতের সুপারস্টার, আরেকজন ক্রীড়া জগতের। বলা হচ্ছে বলিউড অভিনেতা শাহরুখ খান ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে সানিয়ার বায়োপিক নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন ‘কিং খান’। বুধবার সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে সানিয়া মির্জার আত্মজীবনী ‘এইস অ্যাগেইনস্ট অডস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শাহরুখ মনে করেন, সানিয়ার এই আত্মজীবনীটি সবার জন্য অনুপ্রেরণামূলক হবে। তিনি বলেন, এই টেনিস তারকার জীবন নিয়ে কোনো চলচ্চিত্র তৈরি হলে তা-ও মানুষকে সমান অনুপ্রাণিত করবে।
শাহরুখ ঠাট্টাচ্ছলে বলেন, ‘আমি জানি না, ছবিতে সানিয়ার ভালোবাসার মানুষের ভূমিকায় অভিনয় করতে দেবেন কি না...সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে সুযোগ পেলে আমি অবশ্যই তাঁর জীবন নিয়ে তৈরি কোনো সিনেমা প্রযোজনা করব।’ এনডিটিভি।