সাবেক প্রেমিকাদের প্রতি দায়বদ্ধ সালমান!

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান জানিয়েছিলেন, সাধারণত সাবেক প্রেমিকাদের এড়িয়ে চলেন তিনি। অতীতের জন্য বর্তমান ক্ষতিগ্রস্ত হোক তা তিনি চান না। কিন্তু ইদানীং সাবেক প্রেমিকাদের সঙ্গে সালমানের সখ্য বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কী সাবেক প্রেমিকাদের প্রতি দায়বদ্ধ সালমান!
সম্প্রতি কানাডায় সাবেক প্রেমিকা ক্যাটরিনার ছোট বোন ইসাবেল কাইফ অভিনীত ‘ড. ক্যাবি’ ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন সালমান। শুধু তা-ই নয়, ছবিটি যৌথভাবে প্রযোজনাও করেছেন সালমান। বলাই বাহুল্য, সাবেক প্রেমিকা ক্যাটের অনুরোধেই ‘ড. ক্যাবি’ ছবির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন খান সাহেব।
এ ছাড়া কিছুদিন আগে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ক্যাটরিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে সাবেক প্রেমিক সালমান খানের সাহায্য চান তিনি। ক্যাটের ডাকে সাড়াও দেন সালমান। এক ধমকে মুহূর্তেই বিক্ষোভ বন্ধের ব্যবস্থা করেন তিনি। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুটিংয়ের কাজে গিয়েছিলেন ক্যাটরিনা। তাঁর মেকআপম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভিনদেশি ড্যানিয়েল বাউয়ার। ভারতীয় না হওয়ায় দ্য সিনে কস্টিউম অ্যান্ড মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেননি ড্যানিয়েল। তার পরও তাঁকে দিয়ে মেকআপের কাজ করানোয় ক্যাটরিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির সদস্যরা। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সংগঠনটির নেতাদের বিক্ষোভ বন্ধ করার নির্দেশ দেন সালমান। আর এভাবেই মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ক্যাটের বিরুদ্ধে বিক্ষোভ।

এদিকে, আরেক সাবেক প্রেমিকা সোমি আলী তাঁর মায়ামি বিচের বাড়িতে সালমানকে আমন্ত্রণ জানিয়েছেন। সোমির ডাকে সাড়া দিয়ে তাঁর বাড়িতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন সালমান। অবশ্য এর আগে লস অ্যাঞ্জেলেসে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাবেন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতা।
সালমানের আরেক সাবেক প্রেমিক সংগীতা বিজলানি। শোনা যাচ্ছে, ‘বিগ বস’ অনুষ্ঠানের পরবর্তী মৌসুমে প্রতিযোগী হচ্ছেন সংগীতা। ‘বিগবস ৭’ অনুষ্ঠানের পর সালমান ইঙ্গিত দেন, পরবর্তী মৌসুমের সঞ্চালক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন না। কিন্তু হঠাত্ করেই মন পরিবর্তন করে ‘বিগ বস ৮’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব নেন সালমান। তবে কি অনুষ্ঠানটিতে সংগীতার অন্তর্ভুক্তির কারণেই মন পরিবর্তন করেছেন সালমান!
এ ছাড়া সালমানের বাড়িতে ঘন ঘন যাতায়াতের কারণে গত মে মাসে খবরের শিরোনাম হন সংগীতা। তার কিছুদিন পরই তিনি খবরের শিরোনাম হন বলিউডে ফেরার ঘোষণা দিয়ে। দীর্ঘ ১৯ বছর পর ‘শব’ ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন বলেই নিশ্চিত করেন সাবেক এ মিস ইন্ডিয়া ও বলিউডের অভিনেত্রী। মে মাসের শুরুর দিকে সালমানের সঙ্গে সংগীতার পুনর্মিলনের খবর চাউর হয়। প্রকাশিত খবরে দাবি করা হয়, সালমানের পানভেল ফার্ম হাউসে তাঁকে নিয়মিত সঙ্গ দিচ্ছেন সংগীতা। ‘কিক’ ছবির শুটিং শেষ করে পোল্যান্ড থেকে দেশে ফেরার পরপরই সংগীতার সঙ্গে সালমানের সখ্যের খবর চাউর হয়।
এ প্রসঙ্গে সালমানের কাছের একটি সূত্র জানায়, সংগীতা ও সালমান প্রচুর সময় একসঙ্গে কাটাচ্ছেন। সংগীতা প্রায় নিয়মিতই বান্দ্রায় সালমানের বাড়িতে যাচ্ছেন। এ ছাড়া পানভেল ফার্ম হাউসেও সালমানকে সঙ্গ দিচ্ছেন তিনি। কয়েক মাস ধরে তাঁদের এই সখ্য বেড়েছে।
১৯৮০ সালের ‘মিস ইন্ডিয়া’ সংগীতা বলিউডে পা রাখেন আশির দশকের শেষের দিকে। একই জগতের বাসিন্দা হিসেবে সখ্য গড়ে ওঠে সালমান খান ও সংগীতার ভেতর। গভীর প্রেমের সম্পর্কে জড়ায় এ জুটি। তাঁদের বিয়ের দিনক্ষণও চূড়ান্ত হয়েছিল। এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংগীতা জানতে পারেন, সালমান তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। আরেক নারীর সঙ্গে সালমানের প্রেমের খবর জানার পর তাঁকে ছেড়ে চলে যান সংগীতা। সালমানকে ছেড়ে সংগীতা বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে। ১৪ বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সালমানের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেলেও, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকই সুসম্পর্ক বজায় রাখেন সংগীতা। এখনো সংগীতাকে নিজের পরিবারের সদস্য বলেই ভাবেন সালমান। সংগীতাকে অনেক পছন্দও করেন তিনি।