সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যানিয়েলের অনীহা

এখন তারকাদের অনেক খবরাখবর ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই পেয়ে যান। এদিক থেকে হলিউড তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ সম্পূর্ণ আলাদা। ২৭ বছর বয়সী এই অভিনেতার টুইটার বা ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই। এমনকি তিনি তাঁর জীবনে এসবের কোনো প্রয়োজনীয়তাও অনুভব করেন না।
ড্যানিয়েলের ভাষায়, ‘নির্দিষ্ট কিছু মানুষের নির্দিষ্ট কিছু কাজের জন্য টুইটার খুব ভালো। আমি নিজেও টুইটারে কয়েকজনের লেখা বেশ উপভোগ করি। কিন্তু আমার মতো অবস্থানের কাউকে কেন টুইটারে থাকতে হবে, সেটা আমি ভেবে পাই না।’
যেখানে অন্য তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে ভক্তদের সঙ্গে একটা সেতু তৈরি করতে পারছেন, সেখানে এই যুগের তারকা হয়েও ড্যানিয়েলের মতো তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার নাকি কোনো মানেই হয় না!
অবশ্য টুইটার বা ফেসবুকের প্রতি তাঁর অনীহার আরও একটি কারণ আছে। এই তারকা ভীষণ প্রযুক্তিবিমুখ। নিজের প্রথম ই–মেইল অ্যাকাউন্টটিও খুলেছেন মাত্র তিন বছর আগে। এসব সামলাতে নাকি একদম ভালো লাগে না তাঁর। বলেন, ‘তিন বছর আগে ই–মেইল অ্যাকাউন্ট চালু করেছি। কারণ, তখন আমি একটি ফুটবল লিগে যোগ দিয়েছিলাম। সেটার জন্যই নিজের একটি ই–মেইল আইডির দরকার ছিল।’
মিড ডে।