সামান্থার প্রথম ওটিটি যাত্রা হলো পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্থা আক্কিনেনি ওটিটিতে যাত্রা শুরু করেন ‘ফ্যামিলি ম্যান টু’ দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় উঠতি তারকা সামান্থা ওটিটিতে যাত্রা শুরু করেন ‘ফ্যামিলি ম্যান টু’ দিয়ে। সেটিই তাঁকে এনে দেয় সেরা অভিনেত্রীর তকমা। তিনি জিতে নিয়েছেন ‘দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন পুরস্কার’। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মনোজ বাজপেয়ি। আজ শুক্রবার অনলাইনে বসেছিল ‘দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন পুরস্কার’ (আইএফএফএম)-এর ১২তম আসর। সেখানে ঘোষণা করা হয় পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীদের নাম। তালিকায় আছেন বিদ্যা বালান, পঙ্কজ ত্রিপাঠিরা।

এ বছর পুরস্কারের জন্য চলচ্চিত্র, বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের দুর্দান্ত সিরিজগুলোকেও বিবেচনায় নিয়েছে আইএফএফএম কর্তৃপক্ষ। এ বছর ‘শেরনি’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিবেচিত হয়েছেন বিদ্যা বালান। সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ‘মির্জাপুর’-এর সিজন টু। ‘লুডো’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন অনুরাগ বসু। সেরা ফিচার ফিল্ম হয়েছে ‘সুরারাই পটরু’। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণের তারকা সুরিয়া।

সেরা ফিচার ফিল্ম ‘সুরারাই পটরু’র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণের তারকা সুরিয়া
ছবি: ইনস্টাগ্রাম

ডিজিটালে সামান্থার অভিষেক হয় ‘ফ্যামিলি ম্যান টু’ দিয়ে। প্রথমবারের মতো এ পুরস্কারের জন্য মনোনয়ন পায় তাঁর অভিনীত সিরিজটি। প্রথমবারই তিনি জিতে নেন পুরস্কার। পুরস্কার পাওয়ার অভিব্যক্তি জানিয়ে তিনি বলেন, ‘এ রকম অসাধারণ প্রতিভাবান সব মানুষের সঙ্গে কাজের সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ এবং আজকের এ পুরস্কার আমার জন্য বিশাল সম্মান। আমাকে এ রকম একটি চরিত্র দেওয়ার জন্য রাজ এবং ডিকেকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত আমি যেসব চরিত্রে কাজ করেছি, এটি সবগুলো থেকে আলাদা। এর মাধ্যমেই আমার ওটিটিতে ঝাঁপ দেওয়া, আর অসাধারণ একটা শো করে ফেলা!’

‘শেরনি’ ছবিতে বন কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন বিদ্যা বালান
ছবি: সংগৃহীত

পুরস্কার পাওয়া শিল্পীরা ধন্যবাদ জানান কলাকুশলীদের। বিদ্যা বালান বলেন, “শেরনি”র শুটিং হয়েছিল মহামারির ভেতর। আমি চমৎকৃত। পরিচালক অমিত মাসুরকার ও প্রযোজক আবুনদানিতার প্রতিও কৃতজ্ঞতা।’ নেটফ্লিক্স ও টি-সিরিজকে ধন্যবাদ জানান অনুরাগ বসু। অন্যদিকে নিজের ভেতরকার প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ দেওয়ার জন্য অনুরাগ কাশ্যপকে ধন্যবাদ জানান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সম্প্রতি ‘মিমি’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া মনোজ বলেন, ‘আমাকে ওই চরিত্রটি (শ্রীকান্ত তিওয়ারি) হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাই সিরিজের লেখক টিমকে। তাঁরা আমাকে এ চরিত্রে ঢুকে পড়ার জন্য যথেষ্ট জায়গা করে দিয়েছেন।’

‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে সামান্থা
ছবি: ট্রেলার থেকে

দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন পুরস্কারে সেরা যাঁরা—
সেরা অভিনেত্রী সামান্থা আক্কিনেনি, ‘ফ্যামিলি ম্যান টু’
সিরিজের সেরা অভিনেতা মনোজ বাজপেয়ি ‘ফ্যামিলি ম্যান’
ডাইভার্সিটি ইন সিনেমা অ্যাওয়ার্ড পঙ্কজ ত্রিপাঠি
ইকুয়ালিটি ইন সিনেমা (স্বল্পদৈর্ঘ্য) শির কোরমা
সেরা প্রামাণ্যচিত্র ‘শাট আপ সোনা’