সারা-হর্ষবর্ধনের রোমান্স!

বলিউডের আকাশে-বাতাসে এখন উড়ে বেড়াচ্ছে নতুন প্রেমকথা। এই প্রেমকথার নায়ক-নায়িকারা হলেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন এবং সাইফ-অমৃতা কন্যা সারা আলি খান। বেশ কিছুদিন ধরে সেলিব্রেটি তনয়-তনয়ার রোমান্স এখন বলিউডে জোর খবর।
সম্প্রতি অনিল পুত্রকে দেখা গেছে চুপি চুপি গভীর রাতে সারার বাড়ি থেকে বের হতে। সংবাদমাধ্যমকে এড়িয়ে চলার জন্য হর্ষবর্ধন গভীর রাতকেই বেছে নিয়েছেন। তখন তাঁর পরিধানে ছিল ছাই রঙের টিশার্ট এবং নীল ট্রাউজার। নিশ্চয় এই পোশাকে তিনি সারার বাড়ি থেকে পার্টি সেরে বের হচ্ছিলেন না। তবে গত সোমবার রাতে আর চুপিসারে নয়। সম্ভবত ‘খুল্লাম খুল্লা প্যায়ার করেঙ্গে’ নীতিতে চললেন এঁরা। সারা আর হর্ষবর্ধন একই গাড়িতে সাইফিনার বান্দ্রার বাড়িতে যান। সঙ্গে ছিলেন সারার প্রিয় বান্ধবী রিয়া চক্রবর্তী।
কিছুদিন আগেই সমগ্র মুম্বাই যখন ব্যস্ত জাস্টিন বিবারের অনুষ্ঠানকে ঘিরে, তখন সারা-হর্ষবর্ধন ব্যস্ত রোমান্সে। মুম্বাইয়ের বার্গার শপে তাঁদের দেখা যায় একান্তে সময় কাটাতে। যদিও মিডিয়াকে এখানেও ফাঁকি দিতে পারেননি তাঁরা। এর কয়েক মাস আগেও এই সেলিব্রেটি পুত্র-কন্যাকে এক রেস্তোরাঁয় হাতে হাত রেখে রোমান্স করতে দেখে যায়। এমনকি সেখানে তাঁরা একে অপরকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন বলে শোনা যায়। এখানেও তাঁরা এড়াতে পারেননি মিডিয়ার নজর। এপ্রিলের গোড়ার দিকে হর্ষবর্ধন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক রহস্যময়ই নারীর ছবি পোস্ট করেন। সেখানে সেই নারী সমুদ্রের দিকে একাকিনী হেঁটে যাচ্ছেন। যদিও ছবিতে সেই নারীটি ভীষণ অস্পষ্ট। এই ছবিটির তলায় একটি রোমান্টিক ক্যাপশনও দেন অনিল পুত্র। অনেকেই সেই নারীটিকে ‘সারা’ বলে চিহ্নিত করেন। কোনো বিতর্কে না গিয়ে হর্ষবর্ধন ছবিটি তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেন। এতেই বোঝা যাচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়।
সারা-হর্ষবর্ধনের প্রেমের চাকা তরতরিয়ে এগিয়ে গেলেও ক্যারিয়ারের চাকা এখনো সেভাবে ঘুরতে শুরু করেনি। যদিও সারা সবেমাত্র বলিউডে পা রাখতে চলেছেন। অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের হাত ধরে বলিউডে প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন। এদিকে হর্ষবর্ধনের শুরুটা মোটেও ভালো হয়নি। রাকেশ ওম প্রকাশ মেহেরার ‘মির্জা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও তিনি খুব একটা সাফল্য পাননি। তরুণ এই অভিনেতা সদ্য পরিচালক বিক্রমাদিত্যর ছবির কাজ শেষ করেছেন।
সারা অনেক ভাবনাচিন্তা করে মা অমৃতা সিংয়ের পরামর্শমতো বলিউডে তাঁর ক্যারিয়ার শুরু করলেন। তিনি তাঁর প্রেমের ক্ষেত্রেও কি তাই করছেন? এখানে কে তাঁর পরামর্শদাতা?