সারাকে নিয়ে কারিনার কথা

সাইফ আলী খানের মেয়ে সারার বলিউড অভিষেক নিয়ে শুরু থেকেই চলেছে অনেক জল্পনা-কল্পনা। সারা আলী খানকে নিয়ে গুজবও কম শোনা যায়নি। শুরু থেকেই বলা হচ্ছিল, সাইফের সাবেক স্ত্রী ও সারার মা অমৃতা সিং নাকি মেয়ের ছবি নির্বাচনের ব্যাপারে খুব খুঁতখুঁতে। মায়ের অতি শাসন ও সব বিষয়ে হস্তক্ষেপের জন্য সারার অভিষেক দেরি হচ্ছে বলেও প্রকাশ করেছিল কয়েকটি সংবাদমাধ্যম। এমনকি বাবা সাইফেরও নাকি মেয়ের অভিনয় করা নিয়ে আপত্তি আছে। পরে অবশ্য খোলাসা হয়েছে যে এসব খবর ভিত্তিহীন। কিন্তু সাইফের বর্তমান স্ত্রী কারিনা কাপুর খান সারা সম্পর্কে কী বলছেন, সে বিষয়ে এত দিন কিছুই জানা যায়নি। অবশেষে মুখ খুললেন কারিনা।
সাইফের প্রথম সংসারের প্রথম সন্তান সারার সঙ্গে কারিনার খুব ভাব। সাইফের ছেলে ইব্রাহীমের সঙ্গেও অবশ্য কারিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু ২৩ বছর বয়সী সারার সঙ্গে কারিনার বন্ধনটা একটু অন্য রকম। সাইফকে বিয়ে করার আগে থেকেই তাঁর সন্তানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে নিয়েছিলেন কারিনা। সারা আলী খানের বলিউড অভিষেক সম্পর্কে এ অভিনেত্রী বলেন, ‘আমি নিশ্চিত, সারা তাঁর প্রতিভা বলিউডে খুব দারুণভাবেই দেখাবে। ওর রক্তে অভিনয়। সে দেখতেও অপূর্ব ও লাবণ্যময়। আমি আসলেই বিশ্বাস করি, সারা তার রূপ ও গুণ দিয়ে একদিন এই শিল্প মাতাবে।’
গুঞ্জন ছিল, করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েলেই সারার অভিষেক হবে। কিন্তু খবরটি সঠিক ছিল নয়। সারার অভিষেক হচ্ছে নির্মাতা অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ দিয়ে। আর এখানে তাঁর বিপরীতে দেখা যাবে ‘রাবতা’ তারকা সুশান্ত সিং রাজপুতকে। এ খবরটি কিন্তু গুঞ্জন নয়। কারণ, অভিষেকের সঙ্গে শুটিংয়ের আগে লোকেশনও দেখতে গিয়েছিলেন সারা। ইন্ডিয়ান এক্সপ্রেস।