সারার হলো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারা আলী খান। ছবি: বলিউড লাইফ
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারা আলী খান। ছবি: বলিউড লাইফ

সাইফ আলী খান এবং অমৃতা সিংয়ের আদরের কন্যা সারা আলী খানের বলিউড অভিষেক হতে চলেছে, তা হয়তো অনেকেই জেনে গেছেন। অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখবেন তিনি। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের জুনে।

সারা তাঁর ক্যারিয়ারের শুরুতেই নিজের পরিচয় গড়ে তুলতে তৎপর। তাই ‘কেদারনাথ’ ছবিতে অভিনীত চরিত্রের জন্য করেছেন কঠোর অনুশীলন। এই ছবিতে সারাকে দেখা যাবে অত্যন্ত ধনী পরিবারের এক সুন্দরী কন্যার চরিত্রে। অভিনয়ের খুঁটিনাটি শিখতে টানা ৫০ দিনের কর্মশালায় অংশগ্রহণ করেছেন সারা। ৫০ দিনের এই কর্মশালার কিছুটা অনুষ্ঠিত হয়েছে পরিচালক অভিষেক কাপুরের দপ্তরে, বাকিটা হয় মুকেশ ছাবরার অভিনয় প্রশিক্ষণকেন্দ্রে। সাইফ আলী খানের সাবেক স্ত্রী অমৃতা সিং এই ৫০ দিনই মেয়ের সঙ্গী ছিলেন।
‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধছেন পতৌদি পরিবারের এই মেয়ে। বলিউডে এর আগে চাউর হয়েছিল, সুশান্তকে এ ছবিতে ডাকাতের চরিত্রে দেখা যাবে। কিন্তু চলতি খবর হলো, সুশান্ত ডাকাতের চরিত্রে অভিনয় করছেন না। তাঁকে দেখা যাবে ‘পিঠো’র ভূমিকায়। এই ‘পিঠো’রা বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম মানুষকে কাঁধে করে দুর্গম পাহাড় অতিক্রম করে নিয়ে যায় কেদারনাথ দর্শনে। মূলত, এক গরিব ছেলে এবং এক ধনী পরিবারের মেয়ের প্রেম নিয়েই ছবির গল্প।
সিনেমাটির মূল পর্বের শুটিং হবে উত্তরাখন্ডের প্রসিদ্ধ কেদারনাথ মন্দিরে। শুধু সারা নন, সুশান্ত নিজেও তাঁর অভিনীত চরিত্রের জন্য অত্যন্ত পরিশ্রম করছেন। সারা ও সুশান্তের পরিশ্রম কতটা সার্থক হয়, এখন সেটাই দেখার পালা।