সারার হলো শুরু

সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের বলিউড অভিষেক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল অনেক আগেই। বলিউডে সারার অভিষেক নিয়ে মা অমৃতা সিং ও বাবা সাইফের বাগ্বিতণ্ডাও কম হয়নি। কার সঙ্গে, কোন ছবিতে অভিষেক ঘটবে, তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সবকিছুর অবসান হলো। আগামী ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে সারা অভিনীত প্রথম ছবি কেদারনাথ-এর শুটিং।
সারাকে রুপালি পর্দায় দেখা যাবে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। সুশান্ত এরই মধ্যে বলিউডের বেশ পরিচিত মুখ। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এম এস ধোনির জীবনীনির্ভর ছবিতে অভিনয় করে খ্যাতির তুঙ্গে ছিলেন। এবারের কেদারনাথ কিন্তু একদমই প্রেমের ছবি। পাণ্ডুলিপি পড়ার কাজ শুরু হয় কদিন আগে। ছবিটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। ছবি নিয়ে নির্মাতা বলেন, ‘কেদারনাথ মন্দিরে পূজা চলার সময়ের এক প্রেমের গল্প। ছবিটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, প্রেমের সঙ্গে থাকছে সেখানকার সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যের গল্প। ভারতের আধ্যাত্মিকতার অন্যতম একটি জায়গা কেদারনাথ। আমি তা দর্শকদের কাছে তুলে ধরতে চাই। এটা এমন একটি গল্প, যা সবাই দেখতে চাইবে।’
ভারতের উত্তরাখন্ডের শহর কেদারনাথ। সেই শহরকে ঘিরেই গল্পের কাহিনি। উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে শুটিং শুরু হবে। অভিষেক কাপুর ছবিটি প্রযোজনাও করেছেন। প্রযোজকদের ইচ্ছা, আগামী বছর মুক্তি দেবেন ছবিটি। এরই মধ্যে সারা ও সুশান্ত নিজেদের সেরাটুকু দিতে জোর প্রস্তুতি নিচ্ছেন। একসঙ্গে যাচ্ছেন বিভিন্ন কর্মশালায়। প্রথম ছবিতেই তো নিজের জাত চেনাতে হবে সারা আলী খানকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।