সালমান-অরিজিতের অভিমান ভাঙল

অভিমান ভেঙে যদি ভালো কিছু হয়, তবে তা–ই ভালো। সালমান–অরিজিতের অভিমান এবার বুঝি ভাঙনের পথে। কেননা আবারও একই ছবিতে কাজ করতে যাচ্ছেন এই দুই শিল্পী।
অভিনেতা সালমান খান ও কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের ভেতরে চলছিল ঠান্ডা যুদ্ধ। অবশেষে তাঁদের সম্পর্কের সেই তিক্ততা ভাঙতে শুরু করেছে। তাঁর প্রমাণ মিলল অরিজিতের এক সিদ্ধান্তে। ‘সুলতান’ ছবি থেকে সালমান খান অরিজিতের গান বাদ দিয়েছিলেন। এরপর অরিজিৎ স্পষ্ট বলেছিলেন, তিনি আর ভাইজানের ছবির জন্য গাইবেন না। সম্প্রতি সেই সিদ্ধান্ত বদলেছেন অরিজিৎ। এবার তিনি গাইছেন কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবিতে। ওই ছবিতে অভিনয় করছেন সালমান খান।
ভারতের চিত্র সমালোচকেরা বলছেন, সালমান খান দেশের একজন বড় তারকা। আর অরিজিৎ সিং এই প্রজন্মের অন্যতম সেরা গায়ক। তাই দুজনের সম্পর্ক খারাপ থাকলে শেষ পর্যন্ত ক্ষতি হবে সিনেমাশিল্পের, বঞ্চিত হবেন দর্শক। এমন পরিস্থিতিতে অরিজিতের ‘টিউবলাইট’ ছবিতে গান গাওয়াটা সুখবরই বটে। ইন্ডিয়ান এক্সপ্রেস