সালমান-আমিরকে ছাড়াই পরের 'আন্দাজ আপনা আপনা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ আপনা আপনা’ ছবির একটি দৃশ্য
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ আপনা আপনা’ ছবির একটি দৃশ্য

‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়নি, এমন মানুষ মনে হয় নেই। বলিউডের দুই প্রভাবশালী খান সালমান-আমির অভিনীত ছবিটি বলিউডের সেরা কমেডি ছবিগুলোর অন্যতম। ছবিটিতে আরও ছিলেন রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুর। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটির হাস্যরস, সংলাপ, এমনকি গানগুলো আজও সমানভাবে জনপ্রিয়। কমেডি ছবিপ্রেমীদের জন্য খুশির খবর হলো, এই ছবির সিকুয়েল আসছে। কিন্তু এবার আর মূল চরিত্রে দেখা যাবে না সালমান খান ও আমির খানকে।

কিন্তু এখনো জানা যায়নি, তাঁদের পরিবর্তে সেখানে কারা অভিনয় করবেন। তবে একটি শীর্ষস্থানীয় সাময়িকী নিশ্চিত করেছে, বিক্রমাদিত্য মোটওয়ানে অথবা বিকাশ বালের মধ্যে কেউ একজন পরিচালনা করবেন নতুন এই ছবিটি। সাময়িকীটির মতে, ‘আন্দাজ আপনা আপনা’ মূল ছবিটির প্রযোজক বিনয় সিনহার মেয়ে প্রীতি ‘ফ্যান্টম’–এর কাছে ছবিটির স্বত্ব বিক্রি করে দিয়েছেন এবং প্রতিষ্ঠানটির সঙ্গে মিলেমিশেই ছবিটি করা হবে বলে জানা গেছে।
পরিবারটির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এক সূত্র সম্প্রতি ‘মিরর’ সাময়িকীকে জানিয়েছে, ছবিটির চিত্রনাট্য তৈরি হয়ে আছে, যা এ বছর জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিবেক সোনি এবং হারদিক মেহতা লিখেছেন। গল্পটি অনেক মজার এবং হাস্যরসে ভরা। সূত্র : বলিউড লাইফ।