সালমান এবার মোবাইল গেমসের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

আগের কালে পর্দার বড় তারকা পরিমাপের একটা হিসাব ছিল, লন্ডনের মাদাম তুসো জাদুঘরে ওই তারকার মোমের মূর্তি আছে কি না। টি–শার্ট, ক্যাপ, ব্যাগে ওই তারকার ছবি আছে কি না।
বদলে গেছে দিন। এখন বড় তারকাদের জনপ্রিয়তার হিসাব করা হয় ওই তারকার ওপর ভিত্তি করে মোবাইল গেমস হয়েছে কি না, এটি দিয়ে। মোবাইল গেমস দুনিয়া এবার নাম উঠছে বলিউড তারকা সালমান খানের।
শুধু তা–ই নয়, বলা হচ্ছে, এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনোদন তারকার গেমস।
জানা গেছে, পুনের ‘প্লেইজঅন’ নামের সংস্থা এই মোবাইল গেমটি নির্মাণ করেছে। গেমের নাম দেওয়া হয়েছে ‘বিয়িংসালমান’। সেখানে নায়ক সালমানকে দেখা যাবে বদমাশ লোকেদের সঙ্গে লড়াই করতে। এখানেই শেষ নয়, বাস্তব জীবনে অভিনেতার বিভিন্ন রং, ঢং, সংলাপ এবং সালমানের অভিনয়ের সঙ্গে জড়িত বিভিন্ন টুকরো টুকরো জিনিস অন্তর্ভুক্ত করা হবে এই গেমসে।
‘প্লেইজঅন’-এর পরিচালক সংস্থা জেট সিন্থেসিসের ব্যবস্থাপনা পরিচালক রজন নবনি এই গেমের বিভিন্ন নতুনত্বের কথা জানান। তিনি বলেন, হতে পারে নায়কের গুলি করার ক্ষমতাকে বাড়ানোর জন্য আপনাকে বলা হলো বন্দুক নয়, সানগ্লাস বদলান।
তিনি আরও জানান, এই গেম তৈরির সময় সালমান বিশেষভাবে অংশগ্রহণ করেন। এমনকি, গেমের মধ্যে বহু জায়গায় নিজের কণ্ঠও দিয়েছেন সালমান।
ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর, চলতি মাসের ২৬ তারিখে গেমটি বাজারে আসবে।
এর আগেও সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ওপর মোবাইল গেমস তৈরি করেছিল এই সংস্থা। ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান টাইমস।