সালমান ও ইউলিয়া-ভাঙনের সুর বাজে ওই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউলিয়া ও সালমান
ইউলিয়া ও সালমান

এখন পর্যন্ত অনেকবারই প্রেমে পড়েছেন সালমান। এ জন্য নামের পাশে ‘বিগহার্ট লাভারবয়’ তকমাও বসেছে তাঁর। সালমান কেবল প্রেমেই পড়েননি, একের পর এক বিচ্ছেদের পথেও হেঁটেছেন। তাঁর সর্বশেষ প্রেমিকা হিসেবে এখন উচ্চারিত হচ্ছে রোমানীয় টিভি তারকা ইউলিয়া ভানচুরের নাম। গত তিন বছর সালমানের নামের পাশে এ নামটি বেশি ব্যবহার করা হয়েছে। ভক্তদের কাছে শেষ খবর ছিল, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন সালমান। এমনি বিয়ের দিন–তারিখও নাকি ঠিক হয়ে গিয়েছিল। এখন শোনা যাচ্ছে উল্টোটা। ভাঙনের সুর বাজছে সালমান–ইউলিয়া ভানচুরের সম্পর্কে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইউলিয়াকে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে না বেশ কয়েক দিন ধরে। এই তো কিছুদিন আগে গোয়ায় ধুমধাম করে দেওয়ালি উদ্‌যাপন করলেন সালমানের পরিবার। ওই আয়োজনে দেখা যায়নি ইউলিয়াকে। শুধু তা–ই নয়, বলিউডে কানঘুষা চলছে, ইউলিয়া নাকি ভারতেই নেই।
একাধিক সূত্র বলছে, ভিসার সমস্যায় ফিরে যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি ইউলিয়ার করা একটি টুইট সন্দেহ আরও বাড়িয়েছে। যেখানে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা সবাইকে দুটি চোখ, কান, হাত, পা দিয়েছেন। হৃদয় দিয়েছেন। আমাদের শুধুই হৃদয় মেলাতে হবে। ভালোবাসা সেলিব্রেট করাই ভালো। এটাই আমাদের পাওয়া সবচেয়ে বড় উপহার।’ ভারতের একটি জাতীয় দৈনিক বলছে, সালমানের সিদ্ধান্তহীনতায় বিরক্ত তিনি। কেউ কেউ বলছেন, সালমানের স্বভাবটাই এমন। একটা সময় প্রেমিকাকে অবহেলা করা। হয়তো এ কারণেই ইউলিয়া আর সম্পর্ক রাখতে চাইছেন না।
শেষ পর্যন্ত কী হবে, সেটা শুধু সালমানই জানেন। তবে আপাতত পরিস্থিতি বলছে, সালমান-ইউলিয়ার প্রেমে ভাঙনের সুর বাজছে।
২০১১ সালে ডাবলিনে ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ে সালমানের সঙ্গে পরিচয় হয় ইউলিয়া ভানচুরের। এরপর এই ‘কিক’ তারকার ঘনিষ্ঠ এক আত্মীয়র ছবিতেও অভিনয় করেন ইউলিয়া। বোন অর্পিতার বিয়েতেও ইউলিয়াকে দাওয়াত দিয়েছিলেন সালমান। সূত্র : বলিউড লাইফ