সালমান খান কথা কম বলবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সম্প্রতি নিজেকে ‘ধর্ষণের শিকার’ নারীর সঙ্গে তুলনা করে তোপের মুখে পড়েছেন সালমান। ভারতের জাতীয় মহিলা কমিশন বলিউডের এই অভিনেতাকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে একটি নোটিশও পাঠিয়েছে। তাঁর পক্ষ থেকে বাবা সেলিম খান সবার কাছে ক্ষমা চাইলেও এখন পর্যন্ত এ প্রসঙ্গে ভালো-মন্দ কোনো মন্তব্যই করেননি সালমান। তবে গতকাল বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আজকাল যা বলছেন তারই নাকি ভুল ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। তাই এখন থেকে কথা কম বলার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘“সুলতান” ছবির কুস্তির দৃশ্যের অভিনয় করে প্রচণ্ড ক্লান্ত হয়ে যেতাম। শুটিং শেষে আখড়া থেকে ফেরার পর সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারতাম না। সে সময় নিজেকে ধর্ষিত নারীর মতো মনে হতো।’

গতকাল স্পেনের মাদ্রিদ শহরে আইফা অ্যাওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সালমানকে কিছু বলার জন্য ডাকা হয়েছিল। তখন এই ‘সুলতান’ তারকা মজা করে বলেন, ‘আমি বেশি কিছু বলব না। আজকাল আমি যত কম কথা বলব ততই ভালো।’

অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এই তারকা। তাঁকে নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে, সেটা নিয়ে খুব একটা বিচলিত বলে মনে হলো না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।