সালমান তাঁর শেষ সহায়!

ব্যক্তিগত বিষয় নিয়ে জনসমক্ষে খুব কমই কথা বলেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে ইদানীং গণমাধ্যমের সঙ্গে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলাই কথা বলছেন তিনি। কিছুদিন আগে রণবীর কাপুরকে তাঁর জীবনের বিশাল একটি অংশ বলে উল্লেখ করেন ক্যাট। এবারে ৩১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী গণমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি বিশ্বাস করেন সালমানই তাঁর বিপদের শেষ সহায়।
মাস দুয়েক আগে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে দ্য সিনে কস্টিউম অ্যান্ড মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন বিক্ষোভ শুরু করলে সহ-অভিনেতা ও সাবেক প্রেমিক সালমান খানের সাহায্য চেয়েছিলেন ক্যাট। তাঁর ডাকে সাড়াও দেন খান সাহেব। এক ধমকে মুহূর্তেই বিক্ষোভ বন্ধের ব্যবস্থা করেন সালমান।
সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে ক্যাটরিনা বলেন, ‘আমি সালমানের সাহায্য চাওয়ার যেসব খবর বেরিয়েছে, সেসব সত্য নয়। সমস্যায় পড়লে যখন-তখন আমি তাঁকে ডাকি—এ বিষয়টি একদমই ঠিক নয়। তবে আমি বিশ্বাস করি, বিপদে পড়লে যেকোনো বন্ধু কিংবা কাছের মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার মতো একজন মানুষ সালমান। আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি কখনো বিপদে পড়ি এবং সাহায্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি সালমানের সাহায্য পাব।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সালমানের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরও তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন ক্যাটরিনা। এখনো সেই সুসম্পর্ক আছে কি না, জানতে চাইলে ক্যাটরিনা বলেন, ‘সালমানের বোন আলভিরার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। সে আমার নিজের বোনের মতোই। আমাদের দুজনের সম্পর্কটা অনেক গভীর। আমরা নিয়মিত একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলি। আলভিরা এমন একজন মানুষ, যাঁর সঙ্গে আমার সম্পর্কের সমীকরণটা চিরকাল অটুট থাকবে। সে আমার কাছের মানুষ ছিল, আছে এবং থাকবে।’
কিছুদিন আগে সালমানের বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার পরও সেখানে যাননি ক্যাটরিনা। এর পেছনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘সেদিন আমার একটি শুটিংয়ের কাজ ছিল বলে যেতে পারিনি। আলভিরা আমাকে তাঁদের বাড়িতে যাওয়ার কথা জানিয়ে একটি এসএমএস পাঠিয়েছিল। কিন্তু কাজের ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি।’
সালমান খান প্রযোজিত ‘ড. ক্যাবি’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিষেক হয়েছে ক্যাটরিনার ছোট বোন ইসাবেল কাইফের। ইসাবেলকে ক্যাটরিনার চেয়ে বেশি মেধাবী বলেছেন ‘ড. ক্যাবি’ ছবির প্রযোজক সালমান। খান সাহেবের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে স্মিত হেসে ক্যাটরিনা বলেন, ‘আমি প্রায় নিশ্চিত, বিষয়টি সম্ভবত সত্য। আমি ইসাবেলের কয়েকটি অডিশনের টেপ দেখেছি। সত্যিই সে অনেক ভালো একজন অভিনয়শিল্পী। অভিনয়ের প্রশিক্ষণটা সে ঠিকমতোই পেয়েছে। আমার কিন্তু এ ধরনের কোনো প্রশিক্ষণ নেই। কাজেই আমি মনে করি, ইসাবেল সম্পর্কে সালমানের মন্তব্য সঠিক।’
ইসাবেলের বলিউড অভিষেকের ব্যবস্থা করবেন কি না—জানতে চাইলে ক্যাটরিনা বলেন, ‘আমার মতে, ইসাবেলের বলিউড অভিষেকের ক্ষেত্রে আমার চেয়ে প্রতিষ্ঠিত কোনো প্রযোজক কিংবা পরিচালকই বেশি সাহায্য করতে পারবেন। তাতে ইসাবেলই বেশি লাভবান হবে। অন্যথায় সবাই মনে করবে, আমি তাকে সাহায্য করছি। সে তার নিজের যোগ্যতা দিয়েই বলিউডে কাজ করতে পারবে।’