সালমান নির্দোষ

বয়স ৫০-এর কোঠায় পৌঁছানোর পর থেকেই যেন সুসময় শুরু হয়েছে সালমান খানের। গত ডিসেম্বরে গাড়িচাপায় মানুষ হত্যার মামলা থেকে খালাস পেলেন। এবার গতকাল সোমবার তিনি খালাস পেলেন বিলুপ্তপ্রায় মায়া হরিণ শিকারের মামলা থেকেও। ভারতের রাজস্থানের যোধপুরের উচ্চ আদালত তাঁকে এ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এর মধ্য দিয়ে ১৮ বছর ধরে চলা মামলার ঝামেলা থেকে মুক্তি পেলেন সাল্লু।
অভিযোগ উঠেছিল, ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির একটি মায়া হরিণ শিকার করেন সালমান খান। সেই ঘটনার জের ধরে ২০০৬ সালে সালমানের বিরুদ্ধে বন্য প্রাণী হত্যা ও বেআইনি অস্ত্র ব্যবহারের অভিযোগে দুটি মামলা করা হয়। দুটি মামলায় তাঁর এক ও পাঁচ বছরের কারাদণ্ড দেন স্থানীয় আদালত। পরে সালমান ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে তা চলতে থাকে লম্বা সময় ধরে। তবে সাল্লু গতকাল বন্য প্রাণী হত্যার মামলা থেকে খালাস পেলেও অবৈধ অস্ত্র রাখার মামলার চূড়ান্ত রায় এখনো দেওয়া হয়নি।
আজ বিচারক নির্মলাজিৎ কৌর তাঁর রায়ে বলেন, বিরল প্রজাতির হরিণটিকে যে বন্দুক থেকে গুলি করা হয়েছিল, তা সালমানের নয়। ঘটনাস্থল থেকে জব্দ গুলি পরীক্ষা করে দেখা গেছে, সেটি সালমানের বন্দুকের গুলি ছিল না।
সালমান এ মুহূর্তে ব্যস্ত তাঁর সুলতান ছবির সাফল্য উদ্যাপনে। তাই গতকাল যোধপুরের উচ্চ আদালতে রায় ঘোষণার সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। এএফপি।