সালমান-বিবেক দ্বন্দ্ব আজও মেটেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খান যে অনেক উদার মনের তা সবারই জানা। বৈরিতা ভুলে আগ বাড়িয়ে তাঁকেই সব সময় পুরোনো বন্ধুদের আলিঙ্গনে আবদ্ধ করতে দেখা গেছে।‘ক্ষমা করে ভুলে যাও’ নীতিতেই বিশ্বাসী তিনি। তবে বিবেক ওবেরয়ের সামনে পড়লেই কেমন যেন পালটে যান সালমান। তখন স্বভাবসুলভ হাসি আর উদার সালমানের যেন আর দেখা মেলে না।

সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে দুজনের মাঝে এমনই এক বৈরী পরিস্থিতির অবতারণা হয়েছিল। এক সংবাদ সম্মেলনে অংশ নিতে পাঁচ নম্বর স্টুডিওতে গিয়েছিলেন সালমান। এ সময় ‘মাস্তি’ পরিচালক ইন্দ্র কুমার দলবল সহ ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শুটিংয়ে বিবেক ওবেরয়, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানিও ছিলেন। সালমান খানের সংবাদ সম্মেলন শেষে ইন্দ্র কুমার তাঁকে ভ্যানিটি ভ্যানে আমন্ত্রণ জানান। সেখানে এ ছবির প্রধান চরিত্রের সব অভিনয়শিল্পীরাই উপস্থিত ছিলেন। সালমান সবার সঙ্গে দেখা করেন, তবে বিবেককে দেখা মাত্রই সেখান থেকে বেরিয়ে যান। সালমানকে অনুসরণ করে ইন্দ্র, রিতেশ, আফতাব এবং ছবির নায়িকা উর্বশী বেরিয়ে এলেও বিবেক সেখানেই বসে ছিলেন। এমনটাই জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
অবশ্য সালমান বা বিবেক কেউই এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তবে ‘দাবাং’ তারকা সালমানের খুব কাছের একটি সূত্র জানিয়েছে, ইন্দ্র কুমারের সঙ্গে দেখা করে সালমান বলেছেন, ‘এক জায়গায় শুটিং করছি বলেই যে সব তারকাকে একে অপরের সঙ্গে দেখা করতে হবে, এমন তো কোনো কথা নেই। সবাই এখানে কাজ করতেই এসেছেন।’
সালমান ও বিবেকের এক যুগ দীর্ঘ এ দ্বন্দ্বের শুরু ঐশ্বরিয়া রাইকে ঘিরে। দুজনেরই পছন্দের মানুষ ছিলেন ঐশ্বরিয়া। সম্পর্কের আরও অবনতি হয় যখন সংবাদ সম্মেলন ডেকে সালমানের নামে মন্দ কথা বলেন বিবেক। সেই থেকে বিবেকের ছায়া মাড়াতেও যেন সালমানের ঘোর আপত্তি! মিড-ডে।