সালমান বিষয়ে ক্যাটরিনার নীরবতার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও ক্যাটরিনা কাইফ
সালমান খান ও ক্যাটরিনা কাইফ

সালমান খান মাঝেমধ্যে তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে দু-একটা মন্তব্য করলেও সালমানের প্রসঙ্গে ইদানীং কোনো মন্তব্যই করেন না ক্যাটরিনা কাইফ। কিন্তু কী এর কারণ? সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।

‘সালমান খান একজন অসাধারণ মানুষ, বলিউডে ও বলিউডের বাইরের সবাই তা জানেন। তাঁর পরিবার, বিশেষ করে সালমানের বাবা-মা আমাকে তাঁদের মেয়ের মতোই দেখেন।’ বলেছেন ক্যাটরিনা।

সালমান প্রসঙ্গে তাঁর নীরব থাকার নেপথ্য কারণ সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘আমার বর্তমান অবস্থায় যদি আমি সালমান বা তাঁর পরিবার নিয়ে মন্তব্য করি; তা আদৌ শোভন কিংবা সম্মানজনক হবে না। আর এ কারণেই আমি কোনো মন্তব্য করি না।’

ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, রণবীরের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কই এর প্রধান কারণ। তিনি মনে করেন, এই বাস্তবতায় সালমান প্রসঙ্গে কোনো কথা বললে তাঁদের বর্তমান সম্পর্ককেই অমর্যাদা করা হবে।

সম্প্রতি নিরঞ্জন আয়েঙ্গারের ‘লুক হু’জ টকিং উইথ নিরঞ্জন সেশন-২ ’-এর টক শোতে উপস্থিত হয়ে ক্যাটরিনা কাইফ এমনটি জানিয়েছেন। অনুষ্ঠানে রণবীরের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক এবং বিয়ের প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ জানান, রণবীর আমার ‘সব সময়ের’ (অল-টাইম ফ্রেন্ড) বন্ধু।


প্রসঙ্গত, বলিউডের তারকা ক্যাটরিনা কাইফ সালমানের হাত ধরেই মুম্বাইয়ের এই চলচ্চিত্রজগতে প্রতিষ্ঠা পেয়েছেন। এ অভিনেতার সঙ্গে শুরুতে প্রেমের সম্পর্কে জড়ালেও বলিউডে সাফল্য পাওয়ার পর সালমান খানকে ছেড়ে বলিউডেরই আরেক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক গড়েন ক্যাটরিনা। যদিও বিচ্ছেদের পরেও সুসম্পর্ক বজায় রাখেন দুজনে। ছাড়াছাড়ির পরেও বিভিন্ন সময় ক্যাটরিনার বিপদে পাশে এসেও দাঁড়িয়েছেন সালমান খান।

২০১২ সালে ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ও করেন তাঁরা। ক্যাটরিনার ২৮তম জন্মদিনে বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সালমান। এ ছাড়া, সালমান খানের পরিবারের সদস্যদের সঙ্গেও ক্যাটরিনার সুসম্পর্ক রয়েছে। সর্বশেষ সালমান খানকে ‘বড় ভাই’ সম্বোধন করে হইচই ফেলে দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ।