সালমান বেকসুর খালাস

অস্ত্র আইনের মামলা থেকে বেকসুর খালাস পেলেন বলিউড তারকা সালমান খান। ভারতের যোধপুর আদালত গতকাল বুধবার সকালে সালমানকে সেই মামলা থেকে অব্যাহতি দেন। আদালত থেকে বেরিয়ে এ তথ্য নিশ্চিত করেন সাল্লুর আইনজীবী। প্রায় ১৯ বছর আগে সাল্লুর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা–সংক্রান্ত এ মামলাটি করা হয়েছিল।
অভিযোগ উঠেছিল, ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় যোধপুরের কানকানি গ্রামের বনে শিকার করতে গিয়েছিলেন সালমান খান। একদিন রাতে গুলির শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে গেলে তারা ধাওয়া করে সালমান ও তাঁর সঙ্গীদের। পরে সালমানের বিরুদ্ধে দুটি মায়াহরিণ হত্যার মামলা করেন বনের প্রহরী গোরধান সিং। পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে, ‘সুলতান’ সালমান হরিণ শিকারের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন, সেগুলোর লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ ছিল।
তবে সেই অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তি না মেলায় আদালত সাল্লুকে খালাস দিয়েছেন। সালমান খানের আইনজীবী বলেন, শক্ত কোনো প্রমাণ না পাওয়ায় সালমান খানকে আদালত অস্ত্র আইনে করা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর সালমান খান বিরল প্রজাতির মায়াহরিণ শিকারের মামলা থেকেও খালাস পেয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস