সালমান-শাহরুখ এক ছবিতে!

অনেক সময় কোনো কোনো খবরের শিরোনাম সবাইকে আনন্দিত করে। ওপরের শিরোনামটিও ঠিক এমনই একটি খবরের শিরোনাম। অবশ্য বাস্তবে বিষয়টি না ঘটলেও নির্মাতা করণ জোহরের আশা—একদিন এটি সত্যি হবে!
সম্প্রতি করণ জোহরকে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে অতিথি হিসেবে আনা হবে কি না—এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার মনে হয় সবারই এটা আশা করা উচিত যে একদিন শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করবেন।’ তিনি বলেন, ‘আমরা সবাই একদিন দর্শকের আসনে বসে কোনো অসাধারণ এক ছবি দেখব; যে ছবিতে অভিনয় করেছেন সালমান আর শাহরুখ।’
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বলিউডের এই দুই তারকাকে অতিথি হিসেবে আনার প্রসঙ্গে করণ জানিয়েছেন, তিনি এ বছরের শেষের দিকে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। করণ আরও জানিয়েছেন, এ বছরের সেপ্টেম্বর নইলে নভেম্বরের দিকে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার কথা।
এ অনুষ্ঠানে শাহরুখ খান আসবেন কি না—এ প্রসঙ্গে করণ জানিয়েছেন, শাহরুখ খানকে আসতেই হবে। তিনি করণের পরিবারেরই একটি অংশ। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।