সালমান 'বিরক্তিকর'!

বলিউডের নির্মাতা অনুরাগ বাসু কাজ করছেন রণবীর কাপুরের সঙ্গে। রণবীর সাম্প্রতিক বক্স অফিস ব্যর্থতার পরেও অনুরাগ তাঁকে নিয়ে কাজ করছেন ‘জগ্গা জাসুস’ ছবিতে। রণবীর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অনুরাগ বাসু সম্প্রতি সালমান খান সম্পর্কে এক অবাক করা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বিরক্তিকর’ সালমানের সঙ্গে কাজ করার চাইতে ঝুঁকিপূর্ণ (রিস্কি) রণবীরের সঙ্গে কাজ করা ভালো।
অনুরাগ এর আগে তাঁর ‘বরফি’ ছবিতেও রণবীর কাপুরকে নিয়ে কাজ করেছিলেন।
অনুরাগ রণবীর প্রসঙ্গে বলেছেন, আমি অভিনয় নিয়ে রণবীরের পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি পছন্দ করি। তিনি বলেন, আমি খুশি যে রণবীর নামের একজন অভিনয়শিল্পী আছেন, যিনি অভিনয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। ঝুঁকি নিতে পছন্দ করেন। তাঁর মতো ঝুঁকি নেন এমন অভিনেতা খুব বেশি একটা নেই।
অনুরাগ বাসু আরও বলেন, রণবীর সালমান খানের মতো নন। যে অভিনেতা একের পর এক একই ধরনের ছবিতে অভিনয় করেই চলেছেন। সালমান একজন ‘বিরক্তিকর’ অভিনেতা।
রণবীরের প্রসঙ্গে অনুরাগ বাসু বলেন, তিনি অন্তত তাঁর যে ক্ষেত্র সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন। অর্থ কিংবা খ্যাতির মোহ পাশে ঠেলে দিয়ে। আর কিছু না পান একজন অভিনয়শিল্পীর সন্তুষ্টি পাচ্ছেন তিনি। আর তাঁর প্রত্যেকটা ছবির চরিত্রই একটার চাইতে আরেকটা ভিন্নমাত্রার। খুব কম অভিনয়শিল্পীরই তা আছে। পিটিআই।