সালমানকে আমিরের ক্রিসমাস উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান ও সালমান খান
আমির খান ও সালমান খান

গত বছরের ক্রিসমাস চলে গেছে সেই ডিসেম্বরে। আবার আসবে এ বছরের শেষের দিকে। কিন্তু এই অসময়ে কিনা আমির খান ক্রিসমাস উপহার দিলেন সালমান খানকে। না, অসময়ে নয়। এই বছরের ক্রিসমাস উপহারটি আগাম দিয়ে রাখলেন ‘দঙ্গল’ অভিনেতা।
সাধারণত তিন খানের ছবি ভারতের উৎসবের দিনগুলোতে মুক্তির হিড়িক পড়ে। সালমান খান তাঁর ছবি মুক্তির জন্য বেছে নেন ঈদকে। শাহরুখ খানের ছবি সাধারণত মুক্তি পায় দিওয়ালিতে, আর আমির খান তাঁর ছবি নিয়ে আসেন বছরের শেষ দিকে ক্রিসমাসে। এ বছর মুক্তি পেতে চলেছে সালমান খানের দুটি ছবি। একটি ‘টিউবলাইট’ অন্যটি ‘টাইগার জিন্দা হ্যায়’। ‘টিউবলাইটে’র জন্য ঈদের সময় ঠিক হলেও ঝামেলায় পড়ে যান ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে। কারণ তাঁর হাতে আর উৎসব নেই। সাল্লু ভাই খোঁজ লাগান আমিরের কাছে। এই বছরে আমিরের কোনো ছবি মুক্তির পরিকল্পনা আছে কি না। আমির খান বন্ধুকে অভয় জানান। এ বছরের ক্রিসমাসে তাঁর কোনো ছবি মুক্তি পাচ্ছে না। পুরো ক্রিসমাসের ছুটিটাকে উপহার দিয়ে দেন বন্ধুকে।
সবকিছু ঠিক থাকলে এটা হবে সালমান খানের ক্রিসমাসে প্রথম ছবি মুক্তি। আমিরকে দেখা যাবে ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে। সেখানে তিনি অতিথি একটি চরিত্র করেছেন। ছবিটি মুক্তি পাবে আগস্ট মাসে। এ ছাড়া আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ আসবে আগামী বছর ক্রিসমাসে। ইন্ডিয়ান এক্সপ্রেস