সালমানকে এড়ালেন সাইফ?

দুজনেই ২০১৫ সালে বলিউডের নির্মাতা কবির খানের দুই ছবিতে অভিনয় করেছিলেন। মাত্র দেড় মাসের ব্যবধানে ছবি দুটি মুক্তি পেয়েছিল। একদিকে ‘বজরঙ্গি ভাইজান’ দিয়ে সালমান খান যেখানে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন, সেখানে সাইফ আলী খানের ‘ফ্যান্টম’ তেমন ভালো চলেনি। এ জন্যই কি সাইফ এখন এড়িয়ে চলছেন সালমানকে?
গেল বছরটির শেষ সপ্তাহে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটেছে ঘটনাটি। সালমান খান যখন অনুষ্ঠানটির রেড কার্পেটে প্রবেশ করছিলেন, সেসময় সাইফ টিভি চ্যানেলগুলোকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। তখন মাত্র ইঞ্চিখানেক দূরত্বে ছিলেন সালমান খান। সাইফ সালমানকে দেখেও না দেখার ভান করেন। আর পেছন ফিরে দ্রুত সেখান থেকে চলে যান তিনি।
সালমান সাইফের এ আচরণ দেখেছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাননি সেই সময়।
সাইফের এই এড়িয়ে চলার বিষয়টি নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। যেখানে সাইফ-পত্নী কারিনা কাপুর খান সালমানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে অভিনয় করছেন। সেখানে নবাব সাইফ আলী খান পতৌদির হঠাৎ কী এমন হলো যে, সালমানকে তিনি ইঞ্চিখানেক দূর থেকেও দেখতে পেলেন না?
কে জানে, শাহরুখ খান-কাজল-অজয় দেবগণের পর এটি কী আরও একটি ত্রিমুখী স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? বলিউড হাঙ্গামা।